
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই রাস্তায় নমাজ পাঠ নিয়ে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছে। এবার সরকারের ওই নির্দেশিকার বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়ার পথে হাঁটছে তৃণমূল। জানা গিয়েছে, মেটিয়াবুরুজের এক মহিলা তৃণমূল কাউন্সিলরকে আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাস্তায় নমাজ পাঠ সংক্রান্ত সরকারি বিধিনিষেধের বিষয়টি উঠে আসে। দলীয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে আলোচনা চলাকালীনই মেটিয়াবুরুজের ওই কাউন্সিলরকে দ্রুত আদালতে যাওয়ার পরামর্শ দেন তৃণমূল নেত্রী। খুব শীঘ্রই এই বিষয়ে মামলা দায়ের করা হতে পারে বলেও সূত্রের দাবি।
আরও পড়ুন :: শুভেন্দুর পিঠ চাপড়ালেন রাজনাথ! ‘ডবল ইঞ্জিন’ সরকারে কি ঘুচবে বাংলার আর্থিক সংকট?
উল্লেখ্য, রাস্তায় নমাজ পাঠে নিষেধাজ্ঞা-সহ একাধিক সরকারি নীতির প্রতিবাদে সম্প্রতি পার্ক সার্কাস ও রাজাবাজার এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও সামনে আসে। পার্ক সার্কাসে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।
এদিকে প্রশাসনিক কড়াকড়ির জেরে শুক্রবার রাজাবাজার, তোপসিয়া, পার্ক সার্কাস ও তিলজলার মতো এলাকায় রাস্তা দখল করে নমাজ পাঠের ছবি দেখা যায়নি। পরিবর্তে বিভিন্ন মসজিদে দু’দফায় জুম্মার নমাজের আয়োজন করা হয়। ফলে মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদের মধ্যেই শান্তিপূর্ণভাবে নমাজ আদায় করেন।



