১ জুন থেকেই ১০০ দিনের কাজ শুরু বাংলায়! কিন্তু বাদ পড়ল এই ২ জেলা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই প্রশাসনিক তৎপরতা বেড়েছে। নতুন মন্ত্রিসভা গঠনের পর নবান্ন থেকে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার গ্রামীণ কর্মসংস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ‘ডবল ইঞ্জিনে’র বাংলায় ১০০ দিনের কাজ শুরু হচ্ছে। সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগামী ১ জুন থেকে রাজ্যের অধিকাংশ জেলায় এই প্রকল্প চালু করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যদিও আপাতত দুই জেলায় এই প্রকল্প কার্যকর করা হচ্ছে না।
তৃণমূল সরকারের আমলে ১০০ দিনের কাজ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কেন্দ্রের অভিযোগ ছিল, রাজ্য সরকার প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিচ্ছে না এবং টাকার অপব্যবহার হচ্ছে। সেই কারণেই কেন্দ্রীয় সরকার বাংলার বরাদ্দ বন্ধ করে দেয়। পরবর্তীতে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ফের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কর্মসংস্থান ও গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন :: 💥 ৩ মাসের মধ্যে স্বাস্থ্যদপ্তরে মেগা নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর! দূর হবে দুর্নীতি, আসছে নতুন নিয়ম
এদিন নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক নির্দেশ দেন। সেখানেই আগামী ১ জুন থেকে বাংলায় ১০০ দিনের কাজ চালুর সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় আপাতত এই প্রকল্প চালু হচ্ছে না। প্রশাসনিক সূত্রের দাবি, তৃণমূল সরকারের সময় এই দুই জেলায় প্রকল্পে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতেই আপাতত ওই দুই জেলাকে প্রকল্পের বাইরে রাখা হয়েছে। বাকি জেলাগুলিতে ধাপে ধাপে কাজ শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর তৃণমূল সরকার ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পে জব কার্ড হোল্ডারদের ৫০ থেকে ৭০ দিনের কাজ দেওয়া হত।



