
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। আগামী ২০ জুন বঙ্গ বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। একইসঙ্গে সরকারিভাবেও দিনটি পালনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সেই আবহেই ওই দিন প্রধানমন্ত্রীর রাজ্যে আসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
এর আগেই ঘোষণা করা হয়েছে যে, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হবে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুষ মন্ত্রক সূত্রে খবর, রেড রোড ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে এই বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হবে। লক্ষাধিক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, যোগ দিবসের অনুষ্ঠানের একদিন আগেই অর্থাৎ ২০ জুন কলকাতায় পৌঁছতে পারেন প্রধানমন্ত্রী। কারণ ওই দিনই বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবার এই দিবসকে ঘিরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফলে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি বা দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন কি না, তা নিয়ে জল্পনা আরও বেড়েছে। পাশাপাশি ২১ জুন রবিবার হওয়ায়, তার আগের দিনই প্রধানমন্ত্রীর কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবসের তারিখ নিয়ে অতীতেও রাজনৈতিক বিতর্ক দেখা গিয়েছিল। তৃণমূল সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৪ এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। অন্যদিকে বঙ্গ বিজেপি দীর্ঘদিন ধরেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে আসছে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবার ২০ জুনকেই সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সম্ভাবনা জোরালো হয়েছে। আর সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।



