ধামাকা ঘোষণা! বদলে গেল ‘মা ক্যান্টিন’-এর নাম, এবার মাত্র ৫ টাকায় সপ্তাহে ২ দিন মাছ ও ২ দিন ডিম!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হওয়া ‘মা ক্যান্টিন’ প্রকল্পের নাম বদল করল বর্তমান সরকার। এবার থেকে এই প্রকল্পের নাম হবে ‘মা আহার’। শুধু নাম পরিবর্তনই নয়, প্রকল্পটির পরিধিও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৫০০টি কেন্দ্র থেকে মাত্র ৫ টাকায় খাবার পাবেন সাধারণ মানুষ।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর জানানো হয়েছে, নতুন নামে চালু হওয়া ‘মা আহার’ প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে ৫০০টি কেন্দ্র গড়ে তোলা হবে। সেখান থেকে স্বল্পমূল্যে মধ্যাহ্নভোজনের সুযোগ পাবেন সাধারণ মানুষ।
একই সঙ্গে খাবারের তালিকাতেও আনা হচ্ছে পরিবর্তন। নতুন মেনু অনুযায়ী, সপ্তাহে দু’দিন মাছ, দু’দিন ডিম এবং বাকি তিনদিন নিরামিষ খাবার পরিবেশন করা হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার জানিয়ে আসছিল, সাধারণ মানুষের স্বার্থে চালু থাকা কোনও জনমুখী প্রকল্প বন্ধ করা হবে না। বরং যেসব প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষ উপকৃত হন, সেগুলিকে আরও বিস্তৃত আকারে চালু রাখার চেষ্টা করা হবে। সেই নীতির অংশ হিসেবেই নতুন রূপে আত্মপ্রকাশ করছে ‘মা আহার’।
প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের স্বল্পমূল্যে খাবার পৌঁছে দিতে ‘মা ক্যান্টিন’ প্রকল্প চালু করা হয়েছিল। ওই প্রকল্পে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। সম্প্রতি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছিলেন, এই প্রকল্পে মাছ-ভাতও অন্তর্ভুক্ত করা হবে। সেই ঘোষণার পর ইতিমধ্যেই কয়েকটি কেন্দ্রে মাছ-ভাত পরিবেশন শুরু হয়েছে। এবার সপ্তাহের সাত দিনের নির্দিষ্ট মেনুও চূড়ান্ত করে দিল শুভেন্দু সরকার।



