হিন্দু হোমল্যান্ড রক্ষায় শুভেন্দুর মেগা ঘোষণা! জমি জেহাদ রুখতে ও ধর্মান্তকরণ বন্ধে আসছে কড়া আইন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই বাংলা এগিয়ে চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পাশাপাশি জমি জেহাদ, লাভ জেহাদ এবং জোরপূর্বক ধর্মান্তকরণের মতো ঘটনার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করবে রাজ্য সরকার। ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী এই আইন কার্যকর করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেহাদ প্রসঙ্গে কড়া অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন :: দিদি’র গড়ে এবার ‘দাদা’র রাজত্ব! ভবানীপুরে নতুন অফিস খুলে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
শুক্রবার রবীন্দ্র সদনে ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে এই সব হবে না। জমি জেহাদ, লাভ জেহাদীদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। যারা অনুপ্রবেশকারী তাদের হোল্ডিং সেন্টারে রেখে যেখান থেকে এসেছিল সেখানে পাঠানো হচ্ছে।”
অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের বিষয়টি ফের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সরকার এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, “শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগাঁও হামলার প্রতিবাদ করে না। বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে। যেখান থেকে এসেছেন সেখানে পাঠানো হবে।”
তবে তিনি স্পষ্ট করে জানান, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যাঁরা ভারতে আশ্রয় নিয়েছেন, সেই সমস্ত শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-এর আওতায় নাগরিকত্ব প্রদান করা হবে। এদিনের অনুষ্ঠান শেষে ভবানীপুরে একটি বিজেপি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, ওই কার্যালয় থেকে প্রতিদিন সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করা হবে।



