রাজ্য

কে হচ্ছেন প্রার্থী তৃণা নাকি শোভনদেব!‌ জল্পনা বাড়িয়ে খড়দা যাচ্ছেন শোভনদেব

কে হচ্ছেন প্রার্থী তৃণা নাকি শোভনদেব!‌ জল্পনা বাড়িয়ে খড়দা যাচ্ছেন শোভনদেব - West Bengal News 24

রাজনৈতিক মহলের নজর এখন খড়দা বিধানসভা কেন্দ্রের দিকে। এই খড়দা কেন্দ্র থেকে কে হচ্ছেন তৃণমূল প্রার্থী তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই জল্পনাকে খানিক বাড়িয়ে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। আগামীকাল একটি সংগঠনের কাজে মানুষের পাশে থাকতে খড়দা যাচ্ছেন শোভনদেব চ্যাটার্জি। তবে খড়দা কেন্দ্র থেকেই বিধানসভা উপনির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী হচ্ছেন কিনা এ বিষয়ে কিছুই বলছেন না তিনি। এ বিষয়ে শোভনদেব চ্যাটার্জি জানান, দল যা ঠিক করবে তাই হবে।

যদিও তিনি বলেন খড়দা উত্তর ২৪ পরগণা জেলার মধ্যে পড়ে আর এই জেলার দায়িত্বে আছে জ্যোতিপ্রিয় মল্লিক, এই কেন্দ্র দেখভাল করে সৌগত রায়। ওদের সঙ্গে আমার কথা হয়েছে বলেও জানান শোভনদেব চ্যাটার্জি। আবার দলের একটি সূত্র জানাচ্ছে রাজ্যসভাতেও পাঠানো হতে পারে শোভনদেব চ্যাটার্জিকে। প্রসঙ্গত, গতকাল থেকেই আবার জল্পনা বাড়ছে খড়দা কেন্দ্র থেকে নাকি তৃণমূল প্রার্থী হচ্ছেন তৃণা সাহা। অভিনেত্রী তৃণার প্রার্থী হওয়ার খবরে তাঁর অনুরাগীরা বেশ খুশি।

এমনই খবর ছড়িয়ে পড়ে টলিপাড়া থেকে রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে অভিনেত্রী তৃণা সাহা জানান, ‘‌এরকম খবর ভাসছে তা আমার কানেও এসেছে। তবে তৃণমূল কংগ্রেস দল থেকে এরকম কোনও প্রস্তাব আমার কাছে আসেনি। একুশের বিধানসভা ভোটের আগেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছি।

তাই কোনওদিন প্রার্থী হলে তা সবাইকে জানিয়ে দেব।’‌ দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে নীল-‌তৃণা তারকা দম্পতির। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে খড়দা থেকে ভোটে জয়ী হন তৃণমূলের কাজল সিনহা। কিন্তু ভোটের ফল প্রকাশের কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি। আর তাই খড়দা কেন্দ্রে উপনির্বাচন হবে।

আর তাতে তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জির। আবার জল্পনা ছড়াচ্ছে অভিনেত্রী তৃণা সাহাও নাকি হতে পারেন খড়দা থেকে প্রার্থী। এখন দেখার শেষপর্যন্ত খড়দা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করেন, আপাতত সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সূত্র :আজকাল

আরও পড়ুন ::

Back to top button