‘সব জিনিসে GST থাকলে ভ্যাকসিনে থাকবে না কেন?’, বিতর্কের মুখে দিলীপ ঘোষ

বিতর্ক আর দিলীপ ঘোষ যেন সমার্থক। এবার বিজেপি রাজ্য সভাপতির দাবি, সব জিনিসের উপরই যদি জিএসটি বসানো হয়, তাহলে করোনা টিকার উপর জিএসটি বসানো হবে না কেন? এবার তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
শুক্রবার শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ে একটি বৈঠক করেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সব জিনিসের উপরই যখন জিএসটি বসছে। তাহলে টিকায় জিএসটি বসবে না কেন?’ দিলীপের অভিযোগ, কেন্দ্র বিনামূল্যে টিকা দিলেও রাজ্যে কালোবাজারি চলছে। রাজ্যের কাছে টিকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন দিলীপ। ভোট পরবর্তী হিংসা নিয়ে দিলীপের গলায় শোনা গেছে উদ্বেগ। তাঁর কথায়, ‘এখনও আমাদের বহু কর্মী ঘরছাড়া। রাজ্যকে জানিয়েও কোনও লাভ হয়নি। থানায় গেলে বলছে ৫ বছর মার খেতে হবে।’
সম্প্রতি করোনা টিকা এবং এই চিকিত্সার প্রয়োজনীয় সরঞ্জামের উপর থেকে কর তুলে নেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে জিএসটি কাউন্সিলে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্যগুলি টিকা ছাড়াও অক্সিজেন, রেমডেসিভিরের মতো ওষুধও জিএসটি তালিকার বাইরে রাখার দাবি করেছে। ৮ জুন জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তার আগেই বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ।
সুত্র : আজকাল



