
এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। খুব শিগগিরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চলেছেন পতঞ্জলির কর্ণধার রামদেব। এ রাজ্যে চুক্তিচাষে লগ্নির বার্তা দিলেন রামদেব। স্বল্প মেয়াদি ভোগ্যপণ্য এবং খাবার প্রক্রিয়াকরণে পতঞ্জলিকে এক নম্বর সংস্থা হিসেবে তুলে ধরার উদ্দেশ্য রয়েছে রামদেবের।
যে কারণে দেউলিয়া আইন মেনে রুচি সয়া সংস্থাকে কিনেছেন তিনি। এর পরেই রুচি সয়ার হাত ধরে পাম তেলের উত্পাদনে দেশের বিভিন্ন রাজ্যের জমিতে গাছ লাগানোয় জোর দিতে চাইছেন তিনি। এই কারণেই আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চান রামদেব।
পশ্চিমবঙ্গে চুক্তিচাষে লগ্নির বার্তা দেওয়ার পাশাপাশি, রামদেব জানান, রুচি সয়া সংস্থার বছরে ১৬ হাজার কোটি টাকার বেশি আয় হয়। শেয়ারের মাধ্যমে ৪৩০০ কোটি টাকা তুলে আনতে সেবি-র সায় চাওয়ার কথাও উল্লেখ করেছেন। এর ফলেই ঋণ মেটাতে ৬২ শতাংশ এবং ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার খাতিরে বাকিটা কাজে লাগাতে চাইছেন। আস্তে আস্তে আগামী ছয় মাসের মধ্যেই সংস্থার সমস্ত ঋণ মেটাতে চাইছেন।
অন্যদিকে, রুচি সয়া সংস্থার সিইও সঞ্জীব আস্থানার বক্তব্য, ‘কনট্র্যাক্ট ফার্মিং অর্থাত্ চুক্তিচাষের মাধ্যমে পাম তেলে উত্পাদনে প্রচুর গাছ লাগানো হবে। এই লক্ষ্যে এর মধ্যেই দেশের ন’টি রাজ্যে ৫৪,০০০ হেক্টর জমিতে চাষ শুরু হয়ে গিয়েছে। লক্ষ্য পূরণ করতে আরও ২ লক্ষ হেক্টরে চাষের প্রয়োজন। সেই কারণেই এর রাজ্যগুলির পরেই পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’ তিনি এও দাবি করেছেন, এ ধরনের চাষে বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন কৃষকেরা।
সূত্র : আজকাল



