
সর্বপ্রথম প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। দ্রুত সেই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হয় তারা। তবে এর বছরখানেকের মাথায় ফের সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠল সেখানে।
আর সংক্রমণ ছড়াতেই মাত্র ছয় দিনে এক কোটি ১০ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা সম্পন্ন করেছে উহান কর্তৃপক্ষ। রোববার (৮ আগস্ট) শহরটির কর্তৃপক্ষ একথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ এক বছর পর সম্প্রতি উহানে ফের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপরই শহরের সকল বাসিন্দার ফের করোনা পরীক্ষার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
শহরটির প্রশাসন জানিয়েছে, গত সপ্তাহের মঙ্গলবার থেকে রোববার (৮ আগস্ট) পর্যন্ত ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনার মধ্যদিয়ে শহরটির ‘প্রায় সকল বাসিন্দার’ টেস্ট সম্পন্ন করা হয়েছে। কেবল ছয় বছরের কম বয়সী শিশু ও গ্রীষ্মকালীন অবকাশে থাকা শিক্ষার্থীরা করোনা পরীক্ষা থেকে বাদ গেছে।
শনিবার পর্যন্ত উহান শহরে স্থানীয়ভাবে ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া ছয় দিন ধরে চলা গণহারে কোভিড-১৯ পরীক্ষায় উপসর্গহীন ৪১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তকরণে ছয় দিনের এই গণপরীক্ষায় এক উহান শহরেই ২৮ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে নিযুক্ত করে দেশটি। এ ছাড়া শহরজুড়ে প্রায় ২ হাজার ৮০০টি নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়।



