জাতীয়

রক্তে ভারতীয় সংস্কৃতি, ভারতে পৌঁছেই মন্দির দর্শন করার ইচ্ছাপ্রকাশ ব্রিটেনের প্রধানমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Rishi Sunak : রক্তে ভারতীয় সংস্কৃতি, ভারতে পৌঁছেই মন্দির দর্শন করার ইচ্ছাপ্রকাশ ব্রিটেনের প্রধানমন্ত্রীর - West Bengal News 24

দিল্লিতে চলছে জি ২০ সম্মেলন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম ভারত সফর ঋষি সুনকের। এবার স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ভারতে পা রেখেই মন্দির দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনক বলেন, “আমি একজন গর্বিত হিন্দু হিসেবেই ছোট থেকে বড় হয়েছি। আশা করি আগামী দুদিনের মধ্যে ভারতের কোনও মন্দির দর্শন করতে পারব।” তিনি আরও জানান, সম্প্রতি রাখি বন্ধন অনুষ্ঠানে বোনেদের থেকে রাখি পরেছেন তিনি, সেগুলি রেখেও দিয়েছেন সযত্নে।

তবে কাজের ব্যস্ততায় এবার জন্মাষ্টমী পালন করতে পারেননি বলেও তিনি। তাই ভারতে মন্দির দর্শনের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। তাঁর কথায়, ‘একটা বিশ্বাস মানুষকে অনেক সাহায্য করে। বিশ্বাস মানুষকে সহনশীলতা শেখায়, শক্তি দেয়।’

অতীতে ব্রিটেনে বিভিন্ন সময় ভারতীয় তথা হিন্দু রীতি পালন করতে দেখা গিয়েছিল ঋষি সুনককে। প্রধানমন্ত্রী পদ পাওয়ার পর ভগবৎ গীতাকে রেখে শপথ নিয়েছিলেন তিনি। গত বছর জন্মাষ্টমীতে পরিবারকে সঙ্গে নিয়ে মন্দিরেও যেতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ভারতে এসেও মন্দির দর্শনের কথা বললেন তিনি।

গতকাল ভারতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। ‘জয় সিয়া রাম’ বলে সুনককে স্বাগত জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেন ভগবৎ গীতা, হনুমান চল্লিশা ও রুদ্রাক্ষ।

আরও পড়ুন ::

Back to top button