আন্তর্জাতিক

ভারতে হামলার ইঙ্গিত, পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক রাষ্ট্রদূত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারতে হামলার ইঙ্গিত, পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক রাষ্ট্রদূত - West Bengal News 24

পহেলগাঁও হামলার জেরে ফের তলানিতে গিয়ে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। নয়াদিল্লির পক্ষ থেকে ইতিমধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে নানা কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পালটা প্রতিক্রিয়া হিসেবেই একের পর এক হুমকি দিচ্ছে পাকিস্তান। এবার রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামিল সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত দিলেন। তাঁর কথায়, যদি ভারত কোনও হামলার পথ বেছে নেয়, তাহলে পাকিস্তানও ‘”সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে”’। এমনকি প্রয়োজনে পরমাণু অস্ত্র প্রয়োগেও পিছপা হবে না তারা।

গত ২২ এপ্রিল দুপুরে বৈসরন ভ্যালি রিসর্টে চার জঙ্গির হামলা হয়। হামলাকারীদের মধ্যে দু’জন পাকিস্তানের নাগরিক এবং বাকি দু’জন কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে তারা ২৫ জন পর্যটক ও এক স্থানীয়কে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় ভারত জুড়ে ক্ষোভ ও প্রতিশোধের দাবি ক্রমেই তীব্র হয়ে উঠছে। গোয়েন্দা রিপোর্টে হামলায় পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি অনেকটাই পরিষ্কার। এই পরিস্থিতিতে ইসলামাবাদও আক্রমণাত্মক মনোভাব নিচ্ছে। এমন অবস্থায় এক সাক্ষাৎকারে খালিদ জামিল বলেন, ‘ভারত ও পাকিস্তানের প্রসঙ্গে আমরা সংখ্যা নিয়ে কোনও তুলনায় যেতে চাই না। আমরা প্রচলিত ও পারমাণবিক—উভয় শক্তিই কাজে লাগাব।’

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও তিনি কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, ‘”ভারতের উন্মত্ত সংবাদমাধ্যম এবং সেখান থেকে আসতে থাকা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাদের বাধ্য করছে। কিছু ফাঁস হওয়া নথি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা চালানোর কথা জানা গিয়েছে। যা থেকে আমরা বুঝতে পেরেছি এটা ঘটতে চলেছে। এবং শিগগিরিই।”‘

উল্লেখযোগ্যভাবে, শনিবার ভারত-অ্যাঙ্গোলা দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পহেলগাঁওয়ে হামলাকারী ইসলামিক জঙ্গিরা কোনওভাবেই রেহাই পাবে না। তিনি জানান, সন্ত্রাসবাদ দমনে ভারত সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। মোদির বার্তায় স্পষ্ট, যারা সন্ত্রাসে মদত দেয় কিংবা আশ্রয় দেয়, তাদের অস্তিত্ব ধ্বংস করাই হবে ভারতের লক্ষ্য। নয়াদিল্লির এই কঠোর অবস্থান ইসলামাবাদকে চাপে ফেলেছে, আর সেই কারণেই পালটা হুঁশকির পথে হাঁটছে পাকিস্তান।

আরও পড়ুন ::

Back to top button