
বাংলা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। এর পাশাপাশি কোলেস্টেরল, কিডনির জটিলতা ও হার্টের সমস্যা ছিল। প্রায় ছয় মাস টানা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাসন্তীদেবী। ভর্তি হওয়ার পরই তাঁকে আইসিইউতে রাখা হয়। মাঝেমধ্যে শারীরিক অবস্থার অবনতি হলেও আগেরবার সামলানো গিয়েছিল। কিন্তু এবার আর সম্ভব হয়নি। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। এই খবর জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে।
থিয়েটার মঞ্চ থেকে শুরু করে সিনেমার পর্দায় সমান দক্ষতায় অভিনয় করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। ‘কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবিতেও কাজ করেছেন। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’র মতো ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে। এছাড়া ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মতো প্রজেক্টেও দেখা গিয়েছে তাঁকে। গত বছরের গোড়ার দিকে ‘গীতা এলএল বি’ সিরিয়ালের শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই ‘গীতা এলএল বি’-তেই শেষবার ক্যামেরার সামনে আসেন বাসন্তীদেবী।
জীবনের শেষ সময়ে আর্থিক সংকটের মধ্যেও কাজ চালিয়ে যেতে হয়েছিল তাঁকে। আশি পেরিয়েও অভিনয়ে সক্রিয় ছিলেন এই প্রবীণ শিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।



