রাজ্য

বাংলায় কাল থেকেই শুরু SIR, দ্বিতীয় দফায় ১২ রাজ্যে সমীক্ষা চালাবে নির্বাচন কমিশন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Special Intensive Revision : বাংলায় কাল থেকেই শুরু SIR, দ্বিতীয় দফায় ১২ রাজ্যে সমীক্ষা চালাবে নির্বাচন কমিশন - West Bengal News 24

দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনী (Special Intensive Revision – SIR)-এর দ্বিতীয় দফা শুরু হতে চলেছে। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চালানো হবে এই কর্মসূচি। বাংলায় আগামীকাল থেকেই শুরু হচ্ছে SIR প্রক্রিয়া। সোমবার রাতে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দিল্লির বিজ্ঞান ভবনে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ঘোষণা করেন। তিনি জানান, দ্বিতীয় দফার SIR চলবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।

অসমে যেহেতু এনআরসি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, তাই সেখানে এই সমীক্ষা করা হচ্ছে না।

জ্ঞানেশ কুমারের বক্তব্য অনুযায়ী, এই বিশাল কর্মযজ্ঞে আন্দামান-নিকোবর, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ ও পুদুচেরি মিলিয়ে পাঁচ লক্ষেরও বেশি বিএলএ (Booth Level Agent) অংশ নেবেন।

নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই এনুমেরেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হবে এবং একইসঙ্গে বিএলও (Booth Level Officer)-দের প্রশিক্ষণ শুরু হবে, যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে ভোটার এনুমেরেশন ফর্ম বিতরণ করা হবে। বিদেশে থাকা বা রাজ্যের বাইরে থাকা ভোটাররা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন।

৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকা নিয়ে আপত্তি বা সংশোধনের আবেদন জানানো যাবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শুনানি ও যাচাইয়ের কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

জ্ঞানেশ কুমার এদিন আরও জানান, ২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নতুন করে কোনও কাগজ জমা দিতে হবে না। যদি কারও নিজের নাম না থাকে, কিন্তু বাবা-মায়ের নাম তালিকায় থাকে, তাহলেও অতিরিক্ত নথি লাগবে না। কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটাররা নিজেরাই ‘ম্যাচিং’ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলেও তিনি জানান। এছাড়া বিহারে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্য নির্বাচন কমিশনার।

এরই মধ্যে SIR নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বাংলায়। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে কুণাল বলেন, “এসআইআর নিয়ে এককাট্টা থাকুন। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। তৃণমূল পরিবার সঙ্গে আছে। একজন আসল ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে এক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।”

সোমবার ফের দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন কুণাল ঘোষ। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যে যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, এই মন্তব্য তারই প্রতিফলন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য