এশিয়া কাপে ‘ভারতবিদ্বেষে’ শাস্তি! দুই ম্যাচ নিষিদ্ধ রউফ জরিমানার ফাঁদে সূর্যও
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এশিয়া কাপে ‘ভারতবিদ্বেষী’ আচরণের জেরে পাকিস্তানের হ্যারিস রউফকে বড় শাস্তি দিল আইসিসি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এশিয়া কাপে ‘রাজনৈতিক মন্তব্য’-এর অভিযোগে জরিমানা দিতে হচ্ছে ভারতের সূর্যকুমার যাদবকেও। পাশাপাশি পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং ভারতের যশপ্রীত বুমরাহকেও সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচেই দু’দলের ক্রিকেটারদের বিরুদ্ধে বিতর্কিত আচরণের অভিযোগ উঠে এসেছে। হ্যারিস রউফ ম্যাচ চলাকালীন এমন ইশারা করেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়। তাঁর সেই আচরণ ‘অপারেশন সিঁদুর’-এ ছয়টি ভারতীয় বিমান ধ্বংসের দাবি করা পাকিস্তানি বিবৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয়।
ভারত বিষয়টি নিয়ে আইসিসি-র কাছে সরাসরি অভিযোগ করে। রউফ দুই ম্যাচে সেই একই ধরনের ইশারা করেছেন এবং দুই ম্যাচেই তাঁর ৩০% ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক ম্যাচে দুই করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। মোট চারটি ডিমেরিট পয়েন্ট হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি স্বয়ংক্রিয়ভাবে দুই ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন।
সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ‘বন্দুক সেলিব্রেশন’ করে আলোচনায় আসেন। নিজের পক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন, পাক পাখতুন সম্প্রদায়ের মধ্যে এই অঙ্গভঙ্গি তাদের সংস্কৃতির অংশ বিয়ের অনুষ্ঠানেও নাকি এভাবেই সেলিব্রেট করা হয়। এমনকি কোহলি ও ধোনির সেলিব্রেশনের তুলনাও টেনেছেন তিনি। তাঁকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট নথিভুক্ত করা হয়েছে।
এদিকে আইসিসি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে মাঠে রাজনীতির ছোঁয়া আনার অভিযোগ প্রমাণিত করেছে। ফলে তাঁর ম্যাচ ফি’র ৩০% কাটা হয়েছে এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ফাইনালে আউট করার পর বিমানের মতো ইশারা করেছিলেন যশপ্রীত বুমরাহও। তাঁকেও দোষী ধরা হলেও সতর্কবার্তার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অর্শদীপ সিং রউফের ইশারার পালটা অঙ্গভঙ্গি করেছিলেন, তবে তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।



