জাতীয়

অধিবেশনের উত্তাপ শেষে ‘চায়ে পে চর্চা’, আড্ডায় প্রিয়াঙ্কা-মোদী-রাজনাথ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অধিবেশনের উত্তাপ শেষে ‘চায়ে পে চর্চা’, আড্ডায় প্রিয়াঙ্কা-মোদী-রাজনাথ - West Bengal News 24

গত ১৮ দিন ধরে সংসদ চত্বরে ছিল টানটান উত্তেজনা। তীব্র বাক্যবিনিময়, ওয়েলে নেমে বিক্ষোভ, ওয়াকআউট থেকে শুরু করে সংসদের বাইরে ধর্না একের পর এক ঘটনায় সরগরম ছিল শীতকালীন অধিবেশন। ‘বন্দে মাতরম’ গান, ‘NREGA’ প্রকল্প থেকে ‘বাপু’-র নাম বাদ দেওয়া একাধিক ইস্যুতে বিরোধীদের প্রতিবাদে শেষ হয় অধিবেশন। তবে সমস্ত রাজনৈতিক তিক্ততা যেন গলে গেল অধিবেশনের শেষে আয়োজিত ‘চায়ে পে চর্চা’-য়। লোকসভার স্পিকার ওম বিড়লার আয়োজিত সেই চা চক্রে আলোচনার কেন্দ্রে উঠে এলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

অধিবেশন চলাকালীনই বিদেশ সফরে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই সময় সংসদে কংগ্রেসের আক্রমণাত্মক ভূমিকার নেতৃত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীই। তাঁর বক্তব্যে শাসকদলের অস্বস্তি স্পষ্ট ছিল। কিন্তু অধিবেশন শেষে সেই চিত্র বদলে যায় চা-চক্রে।

স্পিকার ওম বিড়লা নিজের এক্স হ্যান্ডলে বৈঠকের একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, একদিকে সোফায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পিকার ওম বিড়লা। তাঁদের পাশের সোফায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ঠিক তার পাশেই বসেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

সম্প্রতি প্রধানমন্ত্রী ইথিওপিয়া, জর্ডন ও ওমান সফরে গিয়েছিলেন। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সফর কেমন কেটেছে তা নিয়ে মোদীর সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। পাশাপাশি ওয়েনাড়ের একটি ভেষজ ওষুধ সংক্রান্ত গল্পও শোনান তিনি। সেই গল্প শুনে প্রধানমন্ত্রী ও রাজনাথ সিংকে হাসতে দেখা যায়।

বৈঠকে সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব মন্তব্য করেন, অধিবেশন আরও কিছুদিন চললে ভালো হতো। উত্তরে মজার সুরে প্রধানমন্ত্রী জানান, অধিবেশনের সময়সীমা ইচ্ছাকৃতভাবেই কম রাখা হয়েছে, যাতে বিতর্কের মধ্যে চিৎকার করে তাঁর গলা ব্যথা না হয়। আলোচনার মধ্যেই কয়েকজন বিরোধী সাংসদ নতুন সংসদ ভবনে পুরোনো ভবনের মতো একটি সেন্ট্রাল হল রাখার প্রস্তাব দেন, যেখানে প্রাক্তন ও বর্তমান সাংসদরা একত্রে বসে আলোচনা করতে পারতেন। জবাবে মোদী বলেন, ‘ওটা অবসরের পরের জন্য। আপনাদের এখনও অনেক কাজ বাকি আছে।’ এই মন্তব্যে বৈঠকে হাসির রোল ওঠে।

উল্লেখ্য, এর আগে বর্ষাকালীন অধিবেশনে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই চা-চক্রে যোগ দেননি রাহুল গান্ধী-সহ বিরোধী সাংসদরা। তবে এ বার সেই অবস্থানে বদল এসেছে। প্রিয়াঙ্কা গান্ধী ও ধর্মেন্দ্র যাদব ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং সিপিআই নেতা ডি রাজা। চা, গল্প আর হাসি-ঠাট্টায় শাসক ও বিরোধী শিবিরের দূরত্ব যেন মুহূর্তে মুছে গেল।

আরও পড়ুন ::

Back to top button