
বাংলায় ২২৬টি আসন জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়, ভোটের আগে প্রতিবেশী রাজ্য অসমকেও গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। এখনও প্রার্থী তালিকা প্রকাশ না হলেও নির্বাচনী প্রচারের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তালিকায় দেখা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই দলের একাধিক সাংসদ ও বিধায়ক রাজ্যজুড়ে প্রচারে নামবেন।
এই নির্বাচনে অসমে মোট ১৮ জন তারকা প্রচারককে নামানো হচ্ছে। প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তালিকায় জায়গা পেয়েছেন সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয়, শতাব্দী রায়, কীর্তি আজাদ, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, শান্তা ছেত্রী, জুন মালিয়া, সিদ্দিকুল্লা চৌধুরী, মোসারফ হুসেন এবং দুলু আহমেদ।
আরও পড়ুন :: দুয়ারে চিকিৎসা থেকে ১০ লক্ষ চাকরি ‘প্রতিজ্ঞা’ ইস্তেহারে বড় বাজি তৃণমূলের
অসমের ১২৬টি বিধানসভা আসনে আগামী ৯ এপ্রিল একদফায় ভোটগ্রহণ হবে। অন্য রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করলেও তৃণমূল এখনও সেই সিদ্ধান্ত নেয়নি। অসম তৃণমূলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আসনগুলির জন্য ৭৮ জন আগ্রহী প্রার্থী আবেদন জানিয়েছেন এবং তাঁদের নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মিললেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরিস্থিতি বিচার করে পরে আসনের সংখ্যা কিছুটা কমানোও হতে পারে।
তিনি আরও জানান, বিজেপিকেই অসমে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে তৃণমূল। সেই কারণে এমন কোনও আসনে প্রার্থী দেওয়া হবে না, যাতে বিজেপি সুবিধা পেতে পারে।
অসমের রাজনৈতিক লড়াই মূলত বিজেপি জোট এবং কংগ্রেস জোটকে ঘিরেই আবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল কোনও জোটে না গিয়ে একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের লক্ষ্য, বিজেপির বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখা এবং একই সঙ্গে উত্তরপূর্ব ভারতে সংগঠনকে আরও মজবুত করা।



