ঝাড়গ্রাম

গণনার আগে মাঠে সক্রিয় বিজেপি, প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল

স্বপ্নীল মজুমদার

গণনার আগে মাঠে সক্রিয় বিজেপি, প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল - West Bengal News 24
প্রতীকী ছবি

গণনার আগের দিন রবিবার ঝাড়গ্রাম জেলায় প্রার্থীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। তবে দিনভর কার্যত মাঠে নেমে নিজেদের উপস্থিতি জোরালো করতে দেখা গেল বিজেপি প্রার্থীদেরই।

ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ সকালেই পৌঁছে যান বিনপুরের শিলদার বড়শুকজোড়া গ্রামে। ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত তরুণীর পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা করেন তিনি। পরে কুই গ্রামে ওলাইচণ্ডী পুজোয় যোগ দেন। ফেরার পথে ঝড়ে ভেঙে পড়া গাছ কেটে জামদা এলাকায় রাস্তা পরিষ্কার করতেও দেখা যায় তাঁকে।

একই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণত টুডুও বড়শুকজোড়া গ্রামে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে দলের কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। তাঁর কথায়, “মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন। ফল আমাদের পক্ষেই যাবে।”

আরও পড়ুন :: ঝাড়গ্রাম স্টেশনে কয়লা বোঝাই মালগাড়িতে ধোঁয়া, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়াল রেল

গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো দিনভর গুপ্তমণি, জয়চণ্ডী মন্দির সহ একাধিক ধর্মীয় স্থানে পুজো দেন। ডাহিচকের গরাম থানেও গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। তাঁর দাবি, “জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।”

অন্যদিকে, তৃণমূল প্রার্থীরা মূলত সংগঠন ও প্রস্তুতিতেই সময় কাটান। বিনপুরের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী বিরবাহা হাঁসদা ঝাড়গ্রাম শহরের বাড়িতে বিশ্রাম নেওয়ার পাশাপাশি দলীয় বৈঠকে যোগ দেন। গোপীবল্লভপুরের প্রার্থী অজিত মাহাতো দিনভর কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করেন এবং সন্ধ্যাতেও বৈঠক চালিয়ে যান। তাঁর বক্তব্য, “আমার জয় একশো শতাংশ নিশ্চিত।”

নয়াগ্রামের তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি দুলাল মুর্মুও সারাদিন সংগঠন ও কাউন্টিং প্রস্তুতি নিয়েই ব্যস্ত ছিলেন। তাঁর কথায়, “জেলার চারটি কেন্দ্রেই আমরা জিতব।”

গণনার আগে শেষ দিনে একদিকে মাঠে সক্রিয়তা, অন্যদিকে সাংগঠনিক প্রস্তুতি—দুই শিবিরই নিজেদের মতো করে শেষ মুহূর্তের কাজ সেরে রাখল। এখন নজর ফল ঘোষণার দিকে।

আরও পড়ুন ::

Back to top button