মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য বাংলাদেশ থেকে আম, বদলানো রাজনৈতিক পরিস্থিতিতেও অব্যাহত ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এলেও দুই বাংলার সৌহার্দ্যের প্রতীক ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ বজায় থাকল। প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও দৃঢ় করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল-পেট্রাপোল এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর হয়ে এই আম ভারতের দুই রাজ্যে পৌঁছে দেওয়া হয়।
জানা গিয়েছে, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই আম তুলে দেওয়া হয়েছে। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো এই চালানে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালী ও হাঁড়িভাঙ্গা জাতের আম রয়েছে।
আরও পড়ুন :: রাজনৈতিক ক্যাডার নয়, নিরপেক্ষ প্রশাসনের বার্তা শুভেন্দুর! তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই কূটনৈতিক মিশনের মাধ্যমে মোট ১১০০ কেজি আম ভারতে পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের সৌজন্য উপহার হিসেবে বিতরণ করা হবে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দীর্ঘদিনের একটি সৌজন্যমূলক কূটনৈতিক রীতি। অতীতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও আম পাঠাতেন। তবে জুলাইয়ের অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশে মৌলবাদী শক্তির প্রভাব বৃদ্ধি পায় বলে বিভিন্ন মহলে দাবি ওঠে। একই সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয় এবং ভারতবিরোধী মনোভাবও প্রকট হয়ে ওঠে। পরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন তারেক রহমান। যদিও আগের তুলনায় দুই দেশের সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে, তবু তা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সেই পরিস্থিতিতেও সৌহার্দ্যের বার্তা বজায় রেখে ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ অব্যাহত রাখল ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।



