নিটে সফল ১০০ কৃতীকে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, ভবিষ্যতের চিকিৎসকদের জন্য একগুচ্ছ ঘোষণা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নিটের প্রশ্নফাঁস ঘিরে চলা আন্দোলনের মধ্যেই রাজ্যের ১০০ জন সফল পরীক্ষার্থীকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসার পরিবেশ আরও উন্নত করার উপর গুরুত্ব দেন তিনি।
এমবিবিএস পাশ করার পর বহু চিকিৎসক পশ্চিমবঙ্গে না থেকে অন্য রাজ্য কিংবা বিদেশে চলে যান। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলার মেধাবী চিকিৎসকেরা যাতে রাজ্যেই থেকে মানুষের চিকিৎসা করেন, তার জন্য উন্নত স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করার দায়িত্ব সরকারের। চিকিৎসকেরা যেন নিজেদের ইচ্ছাতেই রাজ্যে থেকে পরিষেবা দিতে আগ্রহী হন, সেই পরিবেশ গড়ে তোলার কথা জানান তিনি। দেশের পাশাপাশি নিজের মাতৃভূমি পশ্চিমবঙ্গকেও ভালোবাসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
শুধু শহরাঞ্চল নয়, গ্রামের মানুষের কাছেও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে চিকিৎসকদের। নিটের সফল পরীক্ষার্থীদের ‘আগামীর চিকিৎসক’ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের সফলতা অন্যদের অনুপ্রাণিত করবেন।’
আরও পড়ুন :: ১ ফোনেই সমাধান! কাটমানি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, চালু নতুন ৪ হেল্পলাইন
মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়েছে। রাজ্যে সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। চিকিৎসা শিক্ষার প্রসারে মেডিক্যালের আসন বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে চারটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা করা হয়েছে। কল্যাণীর পাশাপাশি উত্তরবঙ্গেও একটি এইমস নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে বেসরকারি ক্ষেত্রকেও উৎসাহিত করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য।
নিউটাউনে আদানি গোষ্ঠী দু’হাজার শয্যার একটি হাসপাতাল তৈরি করছে। এই প্রকল্পের জন্য জমি দিয়েছে রাজ্য সরকার। হাসপাতালটির এক হাজার শয্যা আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি এসএসকেএম হাসপাতালের শয্যাসংখ্যাও বাড়ানো হবে।
আধুনিক চিকিৎসা পরিকাঠামোর সঙ্গে চিকিৎসকদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থাও করা হবে। বিভিন্ন হাসপাতালে উন্নত স্ক্যান, এমআরআই ও আধুনিক অপারেশন থিয়েটারের সুবিধা চালু করার পাশাপাশি হাসপাতালগুলির পরিবেশ ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
অনেক হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতির কারণে রোগীদের সমস্যার মুখে পড়তে হয়। এই কর্মীসংকট দূর করতেও রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



