অতিরিক্ত কাজ করানোর অভিযোগে ইনফোসিসকে জরিমানা, নারায়ণমূর্তিকে ‘মূর্খ’ বলে কটাক্ষ নেটদুনিয়ার
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পক্ষে সওয়াল করেছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। এবার কর্মীদের নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করানোর অভিযোগে তাঁর সংস্থাকেই বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হলো। সূত্রের খবর, ফ্রান্সের প্রশাসন ইনফোসিসকে প্রায় ২ কোটি টাকা জরিমানা করেছে। সংস্থাটির বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের মধ্যে অন্যতম হলো, কর্মীদের নির্দিষ্ট সময়ের তুলনায় বেশি সময় কাজ করানো। ফ্রান্সের শ্রম আইন অনুযায়ী যা বেআইনি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ ও ব্যঙ্গ।
ফ্রান্সে শ্রমিকদের অধিকার এবং সুরক্ষার বিষয়টি দেখভাল করে স্থানীয় প্রশাসনিক সংস্থা দ্রিইতস ইলে দে ফ্রঁস। তাদের তরফেই ইনফোসিসের উপর এই জরিমানা আরোপ করা হয়েছে। ফরাসি শ্রম আইন অনুসারে একজন কর্মীকে সাধারণত সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজ করতে হয়। অভিযোগ, ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাটি সেই নিয়ম মানেনি।
তবে ইনফোসিসের পক্ষ থেকে জরিমানার নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। সংস্থার দাবি, জরিমানার কারণে তাদের আর্থিক অবস্থার উপর উল্লেখযোগ্য কোনও প্রভাব পড়বে না। সংস্থার অন্যান্য কাজকর্মও স্বাভাবিকভাবেই চলবে।
আরও পড়ুন :: ‘জনগণ’র মতো আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননা করলে হতে পারে কারাদণ্ড
জরিমানার খবর সামনে আসার পর থেকেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক মিম ও রিল। এক নেটিজেন লিখেছেন, ‘সময় এভাবেই পালটায়। মানুষের চিন্তাশক্তির অবনতি ঘটে। তাই পরিস্থিতি বিচার না করে নিয়ম বদলানোর চেষ্টার চেয়ে মুখ বন্ধ করে রাখাটাই ভালো। তা নাহলে তথ্যপ্রযুক্তি নেতাকে একটা সময়ের পর মূর্খ মনে হয়। নারায়ণমূর্তির সঙ্গেও সেটাই হয়েছে।’
অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘ভারতীয়রা যে দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন, তার অন্যতম কারণ সেখানকার শ্রম আইন। কাজের সময় বেঁধে দেওয়া হয় সেখানে।’
প্রসঙ্গত, একটি পডকাস্টে অংশ নিয়ে নারায়ণমূর্তি ভারতের কর্মসংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তরুণ প্রজন্মকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শও দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ”ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।”
এই পরিস্থিতিতে ৭৭ বছর বয়সি নারায়ণমূর্তি বলেছিলেন, ”আমার মতে তরুণদের অবশ্যই বলা উচিত, এটা আমার দেশ। আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই।”
তাঁর এই মন্তব্য ঘিরে সেই সময় দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। পরবর্তী সময়েও নিজের অবস্থান থেকে সরে আসেননি নারায়ণমূর্তি। তবে এবার ফ্রান্সের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ইনফোসিসের জরিমানার খবর সামনে আসায় তাঁর ৭০ ঘণ্টা কাজের মন্তব্য নতুন করে সমালোচনার মুখে পড়েছে।



