নেতাজির নামে থাকা রাস্তার নাম বদলে শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে রাস্তা ঘিরে তুঙ্গে তুমুল তরজা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দীর্ঘদিনের ‘নেতাজি সুভাষ রোড’ বদলে রাতারাতি হয়ে গেল ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’। নতুন নামের ফলকও উদ্বোধন করা হয়েছে। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক। বীরভূমের রামপুরহাটের এই ঘটনাকে ঘিরেই এখন শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
নেতাজির নামে থাকা একটি রাস্তার নাম কীভাবে পরিবর্তন করা হল, তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও রামপুরহাট পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাস্তার নাম পরিবর্তনের জন্য কোনও অনুমোদন দেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরাও সরব হয়েছেন।
রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তা। বহু বছর ধরেই রাস্তাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে পরিচিত ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে নাম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। একাধিক রাস্তার নাম বদলের বিষয়ও সামনে এসেছে। সেই পরিস্থিতির মধ্যেই এবার ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’।
আরও পড়ুন :: প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ল, কারণ জানালেন শুভেন্দু, অসমকে ১০ কোটি টাকা দেবে রাজ্য
সম্প্রতি রাস্তার পাশে একটি গেরুয়া রঙের নামফলক বসানো হয়েছে। সেখানে নতুন নাম হিসেবে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ লেখা রয়েছে। সেই ফলক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।
তবে নেতাজির নামে থাকা রাস্তার নাম কীভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি বিধায়কের দাবি, পুরসভার নথিতে ওই রাস্তার নাম সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতেই ওই নামকরণ হয়েছিল এবং সেই সময় কোনও আপত্তি জানানো হয়নি। একই সঙ্গে নেতাজির প্রতি তাঁর সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক।
উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে ওই রাস্তায় নতুন নামফলক বসানো হয়েছিল। পাশাপাশি সেখানে শ্যামাপ্রসাদের একটি মূর্তিও স্থাপন করা হয়। কয়েকদিন আগে থেকেই এই নাম পরিবর্তনকে ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। পুরনো নাম ‘নেতাজি সুভাষ রোড’ ছিল বলেও আলোচনা শুরু হয়।
আরও পড়ুন :: ‘হুজুগ’ বলে কটাক্ষ করেছিল তৃণমূল, অভয়া-কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র আহ্বান অগ্নিমিত্রার
পুরসভা সূত্রে অবশ্য অন্য তথ্য সামনে এসেছে। তাদের দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণের জন্য পুরসভার কাছে কোনও আবেদন জমা পড়েনি। পুরসভার নিয়ম অনুযায়ী, কোনও বিধায়ক এককভাবে রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন না।
পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, রাস্তার নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে পুরবোর্ডে প্রস্তাব পাশ করাতে হয়। এরপর সেই প্রস্তাবের জন্য রাজ্য প্রশাসনের অনুমোদনও প্রয়োজন। তবে স্থানীয় বিজেপি বিধায়কের দাবি, নামফলক উদ্বোধনের সময় পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৌমেন ভকতও উপস্থিত ছিলেন।
এদিকে, রাস্তার নাম পরিবর্তনের বিরোধিতা করেছে কংগ্রেস এবং সিপিআইএম। তাদের দাবি, রাস্তার পুরনো নাম ফিরিয়ে এনে ফের ‘নেতাজী সুভাষ রোড’ করা হোক।



