
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ । বাড়ছে মৃত্যুও । এই অবস্থায় ভ্যাকসিন নেওয়ার জন্য তাড়াহুড়ো পড়ে গিয়েছে সর্বত্রই । সোমবার করোনার প্রথম টিকা নিলেন বিরাট কোহলি । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে সেই ছবি পোস্ট করে দেশবাসীকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান ভারত অধিনায়ক । লেখেন, ”যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন, নিরাপদে থাকুন ।”
করোনার জেরে আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় এখন বিরাটদের পরবর্তী গন্তব্য ইংল্যান্ড । সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ভারত । ওই সফরের আগেই ভারতীয় দলের সব ক্রিকেটারদের ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করেছে বিসিসিআই । ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী এবং অজিঙ্কা রাহানেদের আগেই ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে । বিরাটও আর দেরি না করে আজ, সোমবার টিকা নিয়ে নেন ।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির একের পর এক ক্রিকেটাররা কোভিডে আক্রান্ত হওয়ার পরেই আইপিএল মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই । সেপ্টেম্বরে অন্য কোনও দেশের মাটিতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি আয়োজনের চেষ্টা চালাচ্ছে সৌরভের বোর্ড । তবে আপাতত বিরাটদের লক্ষ্য- মিশন ইংল্যান্ড । আইপিএল বন্ধ হওয়ার পর নিজেদের বাড়িতে ফিরে করোনা আক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেন বিরাট এবং অনুষ্কা । মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চ্যারিটির মাধ্যমে ৩.৬ কোটি টাকা তুলতে সক্ষম হন বিরুষ্কা । পাশাপাশি নিজেরাও ২ কোটি টাকা দান করেন ।
সূত্র: নিউজ ১৮



