দঃ ২৪ পরগনা

ইয়াস বিধ্বস্ত এলাকা নদীপথে ঘুরে দেখলেন কেন্দ্রীয় দল,মিলবে প্রয়োজন মতো অর্থ সাহায্য?

ইয়াস বিধ্বস্ত এলাকা নদীপথে ঘুরে দেখলেন কেন্দ্রীয় দল,মিলবে প্রয়োজন মতো অর্থ সাহায্য? - West Bengal News 24

ইয়াস বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছে গেল কেন্দ্রের প্রতিনিধি দল। সোমবার সকালে সাত সদস্যের ওই দল পৌঁছেছে পাথরপ্রতিমায়। সেখান থেকে গোসাবায় জলপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন তাঁরা। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এস কে শাহির নেতৃত্বে সাত সদস্যের কেন্দ্রীয় দল পৌঁছেছে বাংলায়।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করবেন তাঁরা। নবান্নে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে। দুটি দলে ভাগ হয়ে কাজ শুরু করেছেন কেন্দ্রের প্রতিনিধিরা। এদিন একটি দল পৌঁছেছে দক্ষিণ ২৪ পরগনায়। আগামীকাল অন্য দল যাবে পূর্ব মেদিনীপুরে।

সূত্রের খবর, সোমবার সকালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চেপে দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছন কেন্দ্রের প্রতিনিধিরা। পাথরপ্রতিমা ও গোসাবা ঘুরে দেখে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। অন্য দল, কলকাতা থেকে সড়কপথে গেছে বাসন্তীর গদখালিতে। সেখান থেকে নৌকায় চেপে গোসাবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন তাঁরা।

গত মাসের শেষেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে তাণ্ডব করেছে ঘূর্ণিঝড়। কলকাতায় তেমন প্রভাব না পড়লেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড়ের প্রভাব দেখা গিয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইয়াস ঘূর্ণিঝড়ের দাপটে প্রায় ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে রাজ্যে। জেলাগুলি থেকে পাওয়া প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রায় তিন লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্রের নোনা জল চাষের জমিতে ঢুকে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

তাছাড়া প্রায় এক কোটি মানুষ এই দুর্যোগ কবলিত। গত ২৮ মে কলাইকুণ্ডায় ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠকের শেষে বাংলার জন্য ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণাও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের দেওয়া ক্ষয়ক্ষতির হিসেব খতিয়ে দেখতেই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে বলে খবর। আগামীকাল দ্বিতীয় দলটি সকাল আটটা নাগাদ সড়কপথে পৌঁছবে দিঘায়।

সেখানে দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে। তারপর দিঘা-মন্দারমনি ঘুরে দুপুরেই ফিরবে কলকাতায়। পরের দিন নবান্নে গিয়ে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যদের।

সূত্র :দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য