জাতীয়

জল্পনায় ইতি, যোগীকে সামনে রেখেই উত্তরপ্রদেশ নির্বাচনে লড়বে বিজেপি

জল্পনায় ইতি, যোগীকে সামনে রেখেই উত্তরপ্রদেশ নির্বাচনে লড়বে বিজেপি - West Bengal News 24

যাবতীয় বিতর্কে মোটামুটি ইতি৷ উত্তর প্রদেশের বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং মঙ্গলবার জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপরে পূর্ণ আস্থা রয়েছে দলের৷ শুধু তাই নয়, আগামী বছর যোগীর নেতৃত্বেই যে বিজেপি বিধানসভা নির্বাচনে লড়বে, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ ফলে গত কয়েকদিন ধরেই যোগীর মন্ত্রিসভায় বদলের যে জল্পনা তৈরি হয়েছিল এবং যোগীর উপর বিজেপি শীর্ষ নেতৃত্ব আস্থা হারিয়েছে বলে কোনও কোনও মহল থেকে যে দাবি উঠছিল, তা একরকম নস্যাৎই হয়ে গেল৷

আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যা নরেন্দ্র মোদি- অমিত শাহদের কাছে নিজেদের অবস্থান যাচাই করে নেওয়ার পরীক্ষা৷ কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, যোগী সরকারের কাজকর্ম নিয়ে দলের একাংশের মধ্যেই প্রশ্ন ওঠায় মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট জল্পনা ছড়িয়েছিল৷

বিজেপি শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে কোনও কোনও মহল থেকে এমনও দাবি করা হয়েছিল, উত্তর প্রদেশের মন্ত্রিসভায় বদল নিয়ে বিজেপি শীর্ষ স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আইএএস অফিসার এ কে শর্মাকেও মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে বলে খবর ছড়িয়ে পড়েছিল৷

যোগী আদিত্যনাথ অবশ্য প্রথম থেকেই এই সমস্ত সম্ভাবনা খারিজ করে আসছেন৷ সাম্প্রতিক একটি সাক্ষাৎকারেও মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেন তিনি৷

দলও যে তাঁকে নিয়ে অন্যরকম কিছু ভাবছে না তা বোঝাতেই এ দিন বিজেপি-র উত্তর প্রদেশের সভাপতি স্বতন্ত্র দেব সিং জানিয়েছেন, গত পাঁচ বছরে যোগী সরকারের বিভিন্ন প্রকল্প এবং সাফল্যগুলি নিয়ে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করবেন দলীয় কর্মীরা৷ যোগী আদিত্যনাথকে উত্তর প্রদেশের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী বলেও দাবি করেছিলেন তিনি৷

সুত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য