
ঠিক যেমন কথা দিয়েছিলেন, সেটাই করে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ জুন থেকেই রাজ্যের এই নয়া প্রকল্পের সূচনা হয়ে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিলে গ্যারান্টার হবে সরকার, এদিন তা স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারের নবান্নের সাংবাদিক সম্মেলনে জানান, দশম শ্রেণি থেকে থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত এই ক্রেডিট কার্ড পাওয়া যাবে। এই মুহূর্তে দশম শ্রেণির ১২ লক্ষ্য পড়ুয়াদের দিয়ে এই প্রকল্পের সূচনা করা হবে। ঋণ পাওয়ার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর বলে জানিয়েছেন মমতা।
রাজ্যের বাসিন্দা, বা ১০ বছর বাস করেছেন এমন পড়ুয়ারাই এই ঋণ পেতে পারেন। এই ঋণের মেয়াদ থাকবে ১৫ বছর। অর্থাত্ এই সময়ের মধ্যে ঋণ শোধ করতে হবে ছাত্রছাত্রীর। ঋণের ক্ষেত্রে কোনও গ্যারেন্টার লাগবে না। এক্ষেত্রে গ্যারান্টার হবে সরকারই। অনেকটা ব্যাঙ্ক ঋণের ধাঁচেই চাকরি পাওয়ার এক বছর পরে এই টাকা শোধ দেওয়া শুরু করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এদিন মুখ্যমন্ত্রী জানান, ঋণ নেওয়ার ১৫ বছর পর সফ্ট লোন হিসাবে ধার শোধ করতে হবে।
গত ১৭ মার্চ, কালীঘাটের বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিলেন। সেই ইস্তেহারে উল্লেখ ছিল স্টুটেন্ট ক্রেডিট কার্ডের কথা। এদিন মন্ত্রিসভার বৈঠকে ওই প্রকল্পের অনুমোদন মিলেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বছরে ৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তৃণমূলের প্রতিশ্রুতিতে ছিল সব বিধবার জন্য ১০০০ টাকা করে ভাতার কথা।
বলা হয়েছিল ১৮ বছর বয়সে যদি কারও স্বামী মারা যান তাহলে প্রতিমাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি বছরে দু’বার করে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি পালন করা হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য মাসে ৫০০ টাকা করে এবং তপশিলি পরিবারগুলির জন্য ১ হাজার টাকা করে দেওয়া প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় এসে প্রত্যেকটি প্রতিশ্রুতি একে একে পালন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নয়া কৃষক বন্ধু প্রকল্পের সূচনা হয়েছে। এরপর আগামী ৩০ জুন সূচনা হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের।
সূত্র : এই মুহুর্তে



