জাতীয়

ফেসবুকে ‘মজা’ করতে গিয়ে তিনজনের মৃত্যু, গ্রেফতার মা

ফেসবুকে ‘মজা’ করতে গিয়ে তিনজনের মৃত্যু, গ্রেফতার মা - West Bengal News 24

ফেসবুকে মজা করতে গিয়েই কেরালায় মৃত্যু হলো এক সদ্যোজাত শিশুর। ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। শুধু ওই সদ্যোজাতের নয়, সমস্ত ঘটনার চিত্রনাট্য লিখেছিলেন যে দুজন তাঁরাও আত্মহত্যা করলেন নদীতে ঝাঁপ দিয়ে।

গত জানুয়ারি মাসে কেরালার কোল্লাম জেলার কাল্লুভাতুক্কাল গ্রামে শুকনো পাতার স্তূপ থেকে উদ্ধার হয়েছিল ওই সদ্যোজাত। হাসপাতালে ভর্তি করা হলেও পরে মৃত্যু হয় তার। শিশুর ডিএনএ নমুনার সূত্র ধরেই তার মায়ের কাছে পৌঁছায় পুলিশ।

তাকে জেরা করতেই জানা যায়, ফেসবুকে একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। স্বামীকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গেই পালানোর সিদ্ধান্ত নেন। আর তাই করতে গিয়েই সন্তানকে শুকনো পাতার স্তূপে ফেলে রেখে এসেছিলেন তিনি।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই শিশুর মায়ের কাছের দুজনই নিছক মজার ছলে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তার সঙ্গে মজা করতেন। পুলিশ এ বিষয়ে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করার পরই তাঁরা জানতে পারেন, এই মজার কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে। তার একদিন পর পুলিশের কাছে খবর যায়, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই দুজন।

পুলিশ জানায়, ওই শিশুর মাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। কোভিডে আক্রান্ত হওয়ায় এখন কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button