
গরুপাচার মামলায় ১০০ দিন পার হয়েছে আসানসোল জেলে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আসানসোল জেল সূত্রে খবর, রবিবার সকালে জেলের মধ্যেই হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। বারবার তদন্তকারী সংস্থার জেরার মধ্যেই জেলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
আসানসোল সংশোধনাগারের হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তাঁর রক্তচাপ বেড়েছে। বুকেও সামান্য ব্যথা রয়েছে। বেলা ১১টার পরে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন অনুব্রত।
উল্লেখ্য, বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। কিন্তু ইডির ‘অ্যারেস্ট মেমো’তে সই করেননি অনুব্রত। ইডির অফিসাররা তাই সোজা নয়াদিল্লিতে আদালতের দ্বারস্থ হন। এদিন অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে প্রায় পাঁচ ঘণ্টা জেরা করা হয়। নয়াদিল্লির আদালতে সেই জেরার রিপোর্ট জমা দেবেন তদন্তকারী অফিসাররা। তবে জেরায় তেমন সহযোগিতা করেননি অনুব্রত মণ্ডল। এমনটাই দাবি ইডির।
জেল সূত্রে জানা গিয়েছে, জেরার পরই হালকা বুকে ব্যথা অনুভব করছিলেন অনুব্রত। জেলেই তাঁর চিকিৎসার জন্য প্রাথমিক কিছু বন্দোবস্ত প্রথম থেকেই রাখা ছিল। ছিল অক্সিজেন সাপোর্টও। কিন্তু জেল কর্তৃপক্ষ মনে করে, এই সাপোর্টে অনুব্রতর চিকিৎসা সম্ভব নয়। এরপরই তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ।



