জাতীয়রাজনীতি

তিনদিনের সফরে আজ মেঘালয় যাচ্ছেন মমতা ও অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

তিনদিনের সফরে আজ মেঘালয় যাচ্ছেন মমতা ও অভিষেক - West Bengal News 24

মেঘালয় বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে আজ, সোমবার তিনদিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে যাচ্ছি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার ভিনরাজ্যের রাজনৈতিক সফরে তাঁর সঙ্গী হচ্ছেন অভিষেক।

মেঘালয়ে একঝাঁক কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সফরে তাঁদের সঙ্গে থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। মঙ্গলবার মেঘালয়ের শিলংয়ে কর্মীসভা করবেন মমতা ও অভিষেক। শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে জনসভার আয়োজন করা হয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যে ঘাঁটি মজবুত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল। ইতিমধ্যেই কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগদান করেছে। মেঘালয় বিধানসভায় এখন প্রধান বিরোধী দল তৃণমূলই।

আগামী বছরের শুরুতেই মেঘালয় বিধানসভার নির্বাচনেও অংশ নেবে বাংলার শাসকদল।

মেঘালয়বাসীর বিশ্বাস জিততে অভিষেক জানিয়েছিলেন, “দিল্লি বা গুয়াহাটির সামনে মেঘালয় মাথা নীচু করবে না। উত্তর-পূর্ব ভারত ভগবানের, শান্তির, সম্প্রীতির। বিজেপির একাধিক বড় বড় নেতা এসেছিলেন বাংলায়। তাঁদের জায়গা কোথায় তা আমরা দেখিয়ে দিয়েছি।”

মেঘালয়ে তৃণমূল যে ‘বহিরাগত’ নয় তা প্রমাণ স্বরূপ দাবি করেন অভিষেক। তিনি জানিয়েছেন, তৃণমূল জিতলেও মেঘালয়কে বাংলা শাসন করবে না। এখানের অধিবাসী খাসি, গারো, জয়ন্তিয়ারাই থাকবেন, কারণ মুকুল সাংমা-সহ বিধায়করা এখানকারই স্থানীয় বাসিন্দা।

আগামী বছরের শুরুতেই ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। দুই রাজ্যেই ভোটে প্রার্থী দিতে চায় ঘাসফুল শিবির। তাই এখন থেকেই তার প্রস্তুতি শুরু করেছে দল। এর আগে ত্রিপুরার পুরভোটে লড়লেও বিধানসভা নির্বাচনে প্রার্থী দেয়নি তৃণমূল। মেঘালয়েও দেখা যায়নি তৃণমূলকে। এবার সময় থাকতে দুই রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু করতে উঠে পড়ে লেগেছে ঘাসফুল শিবির। তাই মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button