আন্দোলন নয়, লক্ষ্য শুধু প্রচারের আলো? কসবায় বিজেপি বনাম ‘রাত দখল’-এর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কসবায় আন্দোলনের মঞ্চ যেন পরিণত হল কে ‘ফুটেজ’ পাবে সেই লড়াইয়ে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের সামনে মুখোমুখি হয়ে পড়ল বিজেপি এবং ‘রাত দখল’ মঞ্চের কর্মীরা। পরস্পরকে উদ্দেশ্য করে স্লোগানের পাশাপাশি ঘটে যায় হাতাহাতিও। রাজনীতির পর্যবেক্ষকদের মতে, এত বিতর্ক ও উত্তেজনার মাঝে মূল ইস্যু— ছাত্রী ধর্ষণকাণ্ড প্রায় অন্তরালেই চলে গেল।
সাউথ ক্যালকাটা ল’ কলেজে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ইস্যুতে তদন্ত করতে কলকাতায় এসেছে বিজেপির ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। প্রতিনিধিদলে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি ও সত্যপাল সিং, সাংসদ বিপ্লব দেব ও মনন মিশ্র।
তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। সোমবার দুপুরে তাঁরা কলেজের মূল ফটকে পৌঁছন। তখন কলেজের সামনে বিজেপির ছাত্র মোর্চার একাধিক কর্মী জড়ো হয়েছিলেন। প্রায় একই সময়ে সেখানে এসে পৌঁছান ‘রাত দখল’ মঞ্চের রিমঝিম সিংহ ও অন্যান্য সদস্যরাও।
বিজেপির প্রতিনিধি দল কলেজ চত্বরে প্রবেশ করতে গেলে উত্তেজনা ছড়ায়। ‘রাত দখল’-এর সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন শুরু হয় বিজেপি-বিরোধী স্লোগান। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির তরফে ‘রিমঝিমদের তৃণমূলের দালাল’ বলে অভিযোগ তোলা হয়। এরপরে দু’পক্ষের মধ্যে বচসা গড়িয়ে হাতাহাতিতে রূপ নেয়। ফলে গোটা পরিবেশ রীতিমতো অশান্ত হয়ে ওঠে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, “আন্দোলনের আসল বিষয় হারিয়ে গিয়ে এখন যেন প্রতিযোগিতা চলছে কে সামনে থাকবে সেই নিয়ে।” বিরোধীরা নিজেদের মধ্যে নেতৃত্বের দখলদারিতে ব্যস্ত হয়ে পড়ায় আন্দোলনের গুরুত্বই আজ প্রশ্নের মুখে।



