কলকাতা

এবার পুজোয় আসছে ‘শপিং স্পেশাল’ বাস! ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাজ্যের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এবার পুজোয় আসছে ‘শপিং স্পেশাল’ বাস! ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাজ্যের - West Bengal News 24

পুজো দরজায় কড়া নাড়ছে। পাড়ায় পাড়ায় মণ্ডপ সাজানোর ব্যস্ততা চলছে, শিল্পীরা রাতদিন মূর্তি তৈরিতে ব্যস্ত। একইসঙ্গে শহরের বাজার-শপিং মল জমজমাট কেনাকাটায়। এই সময়ে মানুষের সুবিধার কথা ভেবে পরিবহণ দপ্তর চালু করছে বিশেষ ‘শপিং স্পেশাল’ বাস পরিষেবা। মূলত হাওড়া ও শিয়ালদহ স্টেশনকে কেন্দ্র করে চলবে এই পরিষেবা।

দুর্গাপুজোর মরশুমে শহরে ভিড় বেড়ে যায়। শুধু ক্রেতাই নন, ব্যবসায়ী ও পাইকারি বাজারের ক্রেতারাও আসেন কলকাতায়। ফলে রাস্তায় চাপ সামলাতে অতিরিক্ত বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশ্ন উঠছে, কবে থেকে শুরু হবে পরিষেবা? কোন কোন রুটে চলবে বাস?

সূত্রের খবর, পুজোর অন্তত ১৫ দিন আগে থেকেই রাস্তায় নামবে এই বাস। হাওড়া ও শিয়ালদহ থেকে গড়িয়াহাট, শ্যামবাজার ও নিউ মার্কেট পর্যন্ত চলবে এই বিশেষ বাস। প্রাথমিকভাবে প্রতিটি রুটে ২৫টি বাস চালানো হবে। তবে যাত্রী বেশি হলে সংখ্যা আরও বাড়তে পারে।

শুধু শপিং স্পেশাল নয়, পুজোর সময় শহরে থাকছে রাত্রীকালীন পরিষেবাও। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত চলবে নাইট বাস, যা শিয়ালদহ ও হাওড়া থেকে দর্শনার্থীদের শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে। পাশাপাশি বারাসত পর্যন্তও মিলবে এই পরিষেবা।

এছাড়া উত্তর থেকে দক্ষিণে বনেদি বাড়ির পূজা ভ্রমণের জন্য পরিবহণ দপ্তর চালু করছে আলাদা ট্যুর বাস। বিশেষ ভলভো এসি বাসে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিনে সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে যাত্রা শুরু হবে। দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি ১ ও ২, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি (অষ্টমী ছাড়া), রাণী রাসমণির বাড়ি, বেহালার রায় বাড়ি, সোনার দুর্গা বাড়ি এবং সাবর্ণ রায় চৌধুরী পরিবারের আটচালা ও মেজো বাড়ির পুজো। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে ২২০০ টাকা। ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য ভাড়া ১৬৫০ টাকা এবং ০ থেকে ৫ বছর বয়সিদের জন্য কোনও ভাড়া নেওয়া হবে না।

আরও পড়ুন ::

Back to top button