ওপার বাংলা

রেড কর্নার নোটিস জারির ভাবনা – শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে ইউনূস সরকার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রেড কর্নার নোটিস জারির ভাবনা – শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে ইউনূস সরকার - West Bengal News 24

বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়েই গত ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বিশেষ সেনা বিমানে আসেন ভারতে। তারপর থেকে ভারতেই অজ্ঞাত ঠিকানায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মহম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার।

হাসিনার বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ শতাধিক মামলা দায়ের হয়েছে। এবার হাসিনাকে দেশে ফেরাতে বড় পদক্ষেপ করার ভাবনা ইউনূস সরকারের। শোনা যাচ্ছে, শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

রবিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “গত জুলাই-অগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গিয়েছেন, তাঁদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে নেট কর্নার নোটিস জারি করব আমরা। দ্রুত এই নোটিস জারি করা হবে। তারপর তাঁরা যেখানেই থাকুন না কেন, গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করা হবে।” প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও, এই হুঁশিয়ারি যে তাঁর উদ্দেশ্যেই ছিল, তা বলার প্রয়োজন রাখে না।

এর আগে শোনা গিয়েছিল যে হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির পথে হাঁটতে পারে বাংলাদেশের নতুন সরকার। এই কথা শোনা গিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের মুখেও। এবার ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারির সম্ভাবনা। শোনা যাচ্ছে, শুধুমাত্র শেখ হাসিনা নয়, তাঁর সঙ্গে আওয়ামি লীগ দলের একাধিক সদস্যের বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি করতে পারে ইউনূস সরকার।

আরও পড়ুন ::

Back to top button