বলিউড

দক্ষিণেশ্বরে পুজো দিয়ে নতুন ছবি ‘মা’-র প্রচার শুরু করলেন কাজল, বললেন ‘মায়ের বাড়ি এসেছি’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দক্ষিণেশ্বরে পুজো দিয়ে নতুন ছবি ‘মা’-র প্রচার শুরু করলেন কাজল, বললেন ‘মায়ের বাড়ি এসেছি’ - West Bengal News 24

২০২৪ সালে শান্তিনিকেতন ও কলকাতায় হিন্দি ছবি ‘মা’-এর শুটিং করতে এসেছিলেন কাজল। সেই সময় আউশগ্রামে শুটিং শেষ করে মা তনুজা ও ছেলে যুগকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন মুম্বইয়ের মুখার্জি পরিবারের এই তারকাকন্যা। এবারও তাঁর নতুন ছবির প্রচারের সূচনা হল কলকাতা থেকেই। একেই বোধহয় বলে শিকড়ের টান!

বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরে হাজির হন কাজল। সিনেমার প্রচার শুরু করার আগে, ভক্তিভরে মা ভবতারিণীর আরাধনা করেন তিনি। পরনে ছিল হালকা গোলাপি রঙের সিল্ক শাড়ি, সঙ্গে মানানসই জড়োয়ার কানের দুল। হালকা সাজ, লিপস্টিক—সব মিলিয়ে যেন উজ্জ্বল এক বাঙালি রমণী। তাঁর দর্শনে দক্ষিণেশ্বরে উপচে পড়ে ভক্তদের ভিড়। সূত্র মারফত জানা যায়, বলিউড অভিনেত্রী আসছেন জেনে মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা। পুজো শেষ করে বেরিয়ে কাজল বলেন, “কলকাতা এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি আমার মায়ের বাড়ি এসেছি। দক্ষিণেশ্বরের মায়ের উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। ছবির প্রিমিয়ারের আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি।”

‘মা’ মুক্তি পেতে চলেছে আগামী ২৭ জুন। এটি এক ভৌতিক থ্রিলার, যার ভিত গাঁথা পৌরাণিক প্রেক্ষাপটে। এর মোশন পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। কাজলের এই সিনেমা মুক্তি পাবে হিন্দি, বাংলা, তামিল ও তেলুগু—এই চারটি ভাষায়। আর এই উপলক্ষেই আবার কলকাতায় এসে মা ভবতারিণীর আশীর্বাদ গ্রহণ করলেন বলিউডের বাঙালি তারকা।

গত বছর মার্চে একটানা কয়েকদিন বাংলায় ছিলেন কাজল। কারণ ছিল ‘মা’ ছবির শুটিং। এই সিনেমার পরিচালনায় রয়েছেন বিশাল ফুরিয়া—যিনি আগে নুসরত বরুচাকে নিয়ে ‘ছোড়ি’ নামের হরর ফিল্ম বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তাঁর পরিচালনায় কাজল অভিনয় করছেন এই ছবিতে। যেখানে থাকছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাও। ছবিতে কাজলকে দেখা যাবে এক মায়ের চরিত্রে, যে অতিপ্রাকৃতিক শক্তির হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করে।

পরিচালক সমু মুখোপাধ্যায় ও অভিনেত্রী তনুজার কন্যা কাজল ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতির ছোঁয়ায় বড় হয়েছেন। এখনও দুর্গাপুজোর সময় শাড়ি পরে একেবারে বাঙালি কন্যার মতো সাজেন তিনি। অতিথিদের নিজে হাতে ভোগ পরিবেশনও করেন। বাংলার প্রতি তাঁর টান বরাবরই বিশেষ। তাই ‘মা’ ছবির বাংলা ভার্সনে কাজল কেমন অভিনয় করেন, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন ::

Back to top button