আগামী সপ্তাহে কলকাতায় প্রধানমন্ত্রী, সঙ্গে থাকছেন ‘সুপারস্পাই’ ডোভাল, সেনার সঙ্গে বিশেষ বৈঠক
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফর নিয়ে জল্পনা চলছিল অনেক দিন। এবার তা নিশ্চিত হলো। তবে সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না। আগামী সপ্তাহে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ‘সুপারস্পাই’ অজিত ডোভাল। একই দিনে কলকাতায় পৌঁছাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনজনই ফোর্ট উইলিয়ামে আয়োজিত সেনার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অপারেশন সিঁদুরের পর বাংলায় তাঁদের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
বাংলাদেশের পরিস্থিতি এখনও অশান্ত। মাঝে মধ্যেই সেখানে হিন্দু নির্যাতন থেকে শুরু করে সীমান্ত এলাকায় অশান্তির খবর মিলছে। অন্যদিকে নেপাল সরকারবিরোধী আন্দোলনে উত্তাল। সম্প্রতি এসসিও সম্মেলনে চিন-ভারতের বৈঠকের পর সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উত্তর-পূর্বের সুরক্ষায় সতর্ক রয়েছে কেন্দ্র। ইস্টার্ন কমান্ড সূত্রে জানা গিয়েছে, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান, ‘Combined Commanders’ Conference’ বসছে। সেই সম্মেলনে যোগ দিতেই ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলকাতায় আসবেন।
ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রাজনাথ সিং ও অজিত ডোভালের পাশাপাশি উপস্থিত থাকবেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান ও প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। শুধু তাই নয়, তাঁদের সেনা কর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করার কথাও রয়েছে। উত্তর-পূর্ব সীমান্তে সুরক্ষা ব্যবস্থার দিক থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেদিন প্রধানমন্ত্রী মোদি কোনও রাজনৈতিক কর্মসূচিতে থাকবেন না বলেই খবর।



