বলিউড

৬০ কোটির জালিয়াতি মামলা! শিল্পা শেট্টিকে টানা পাঁচ ঘণ্টা জেরা মুম্বই পুলিশের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Shilpa Shetty : ৬০ কোটির জালিয়াতি মামলা! শিল্পা শেট্টিকে টানা পাঁচ ঘণ্টা জেরা মুম্বই পুলিশের - West Bengal News 24

৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে অভিনেত্রী শিল্পা শেট্টিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দফতর (EOW)। সোমবার দীর্ঘ এই জিজ্ঞাসাবাদের সময় শিল্পার বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা এদিন সরাসরি শিল্পা শেট্টির বাসভবনে গিয়েই প্রশ্নোত্তর পর্ব চালান। পাশাপাশি, অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এই নথিগুলি পর্যালোচনা করে দেখা হবে বলে জানা গেছে।

এর আগে, একই মামলায় গত সেপ্টেম্বর মাসে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকেও জিজ্ঞাসাবাদ করেছিল মুম্বই পুলিশ। তাঁকেও আগামী সপ্তাহে আবার তলব করা হতে পারে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, গত আগস্টে মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে এই তারকাদম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগ, তিনি একসময়ে শিল্পা ও রাজের সংস্থা ‘Best Deal TV Private Limited’-এ ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, যা পরে আত্মসাৎ করা হয় বলে দাবি তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের জন্য নেওয়া এই অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করা হয়েছে এবং প্রতিশ্রুত সময়েও ফেরত দেওয়া হয়নি। এই কারণেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয় মুম্বই পুলিশের তরফে।

আরও পড়ুন ::

Back to top button