কলকাতা

অস্তিত্বের সংকট! বিকল্প জীবিকার দাবিতে মুখ্যসচিবকে চিঠি হাতে টানা রিকশা সংগঠনের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অস্তিত্বের সংকট! বিকল্প জীবিকার দাবিতে মুখ্যসচিবকে চিঠি হাতে টানা রিকশা সংগঠনের - West Bengal News 24

কলকাতার একসময়ের চেনা পরিবহণ মাধ্যম এখন প্রায় বিলুপ্তপ্রায়। শহরের রাস্তায় জল জমলে উত্তর কলকাতার মানুষ এখনও তাকে খোঁজেন, জল পেরিয়ে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু বাকি সময়ে সে যেন প্রায় বিস্মৃত। যেমন ধীরে ধীরে শহরের রাস্তা থেকে হারিয়ে যাচ্ছে ট্রাম ও হলুদ ট্যাক্সি, তেমনই হারিয়ে যেতে বসেছে হাতে টানা রিকশাও যা একসময় ছিল ‘কলকাতা’র অঙ্গ।

পুরনো কলকাতার অলিগলি বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, বউবাজার ও শ্যামপুকুর এলাকায় এখনও হাতে টানা রিকশার দেখা মেলে। ভবানীপুরেও কখনও সখনও দেখা যায় কয়েকটি। তবে রোজগারের সুযোগ এতটাই কমে গিয়েছে যে, অনেক চালক এখন বিকল্প জীবিকার সন্ধানে।

এই পরিস্থিতিতে পরিবহণের ঐতিহ্যবাহী এই মাধ্যমের অস্তিত্ব এখন চরম সংকটে। সেই কারণেই বিকল্প কর্মসংস্থানের দাবিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছে হাতে টানা রিকশাচালকদের সংগঠন। সম্প্রতি ‘অল বেঙ্গল রিকশা ইউনিয়ন’-এর পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে।

বহু বছর আগেই কলকাতায় হাতে টানা রিকশার লাইসেন্স বাতিল করা হয়। তবুও বহু রিকশাচালক এখনও সেই পুরনো পেশাতেই যুক্ত। সংগঠনের দাবি, ই–রিকশা চালুর বিষয়ে আলোচনা হলেও তার বাস্তবায়ন হয়নি। তাঁদের চিঠিতে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৬ হাজার রিকশাচালক এই পেশায় জীবিকা নির্বাহ করছেন।

তাই অবিলম্বে তাঁদের কর্মজীবনের উন্নয়ন ও আয়ের বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট একসময় মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছিল হাতে টানা রিকশাগুলিকে ই–রিকশায় রূপান্তর করতে সেই নির্দেশেরই অনুকরণ চায় বাংলার রিকশাচালক সংগঠনও।

আরও পড়ুন ::

Back to top button