
“এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”, ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই সংলাপেই দর্শকদের চমকে দিয়েছিল ‘হামজা আলি’ ওরফে রণবীর সিং। এবার ‘ধুরন্ধর ২’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ আরও চড়েছে। প্রথম ছবির ধাঁচ বজায় রেখেই হাইভোল্টেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক, দাপুটে অ্যাকশন এবং তীক্ষ্ণ সংলাপের মাধ্যমে মার্চ মাসের বক্স অফিস দখলের ইঙ্গিত দিলেন পরিচালক আদিত্য ধর।
প্রতিবেশী দেশ যখন ধর্মের পতাকা তুলে মানবিকতার প্রশ্ন তোলে, তখন ‘ঘাড় ধরে’ সেদেশকে নিজের জায়গা বুঝিয়ে দিতে পিছপা হয় না হামজা। শক্তিশালী কৌশল এবং শত্রু দেশের মাটিতে মরণপণ লড়াইয়ের মধ্যে কীভাবে নিজেকে টিকিয়ে রাখে সে—সেই গল্পই এবার আরও বিস্তৃত আকারে উঠে আসবে ছবির সিক্যুয়েলে।
গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ নতুন বছরেও প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে। হাজার কোটির ব্যবসা ছুঁয়ে বলিউডের একাধিক তারকার রেকর্ডও ভেঙে দিয়েছেন রণবীর সিং। সেই সাফল্যের পর এবার সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়েও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলারে তার ইঙ্গিত স্পষ্ট।
প্রথম ছবির শেষে রহমান ডাকাইতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি শহরের ক্ষমতার লড়াই নিয়ে একাধিক প্রশ্ন রেখে গল্প শেষ হয়েছিল। কে বসবে সেই সিংহাসনে? করাচির ভবিষ্যৎ নির্ধারণ করবে কে? সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তরই এবার পাওয়া যাবে দ্বিতীয় পর্বে। এখানে প্রতিশোধের আগুনে জ্বলা হামজা আলিকে আরও ভয়ঙ্কর রূপে তুলে ধরা হয়েছে।
প্রায় তিন মিনিটের ট্রেলারের শুরুতেই পাকিস্তানের এক চরিত্রকে ভারত সম্পর্কে কটাক্ষ করতে দেখা যায়। সেই পরিস্থিতিতে অজিত ডোভালের আদলে তৈরি এক চরিত্র কীভাবে পরিস্থিতি সামাল দেয়, তার ঝলকও দেখা যায়। একইসঙ্গে মাধবনের চরিত্র, যিনি হামজা আলির পরিকল্পনার মূল কারিগর, তাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
অ্যাকশন অবতারে আবারও নজর কেড়েছেন রণবীর সিং। ছবির অন্যতম চমক সঞ্জয় দত্ত, যিনি পুলিশ অফিসার চৌধরীর ভূমিকায় অভিনয় করেছেন। প্রথম ছবির মতো এবারও তাঁর চরিত্র দর্শকদের দৃষ্টি কেড়ে নেবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে অর্জুন রামপালও এক ভয়ংকর চরিত্রে ধরা দিয়েছেন।
সব মিলিয়ে ট্রেলারেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা—‘ধুরন্ধর ২’ও প্রথম ছবির মতোই বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে। আগামী ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়লম ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।



