
আবারও চর্চায় আর জি কর কাণ্ড। নতুন করে মামলার ফাইল খোলার পর সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন মৃত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। বৈঠকের বিষয়টি সমাজমাধ্যমে নিজেই প্রকাশ করেন তিনি। সেই পোস্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা জানানোর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষও করেন অভয়ার মা। তিনি লেখেন, “আজ আমি ও মমতা দু’জনেই সর্বহারা।”
ফেসবুক পোস্টে রত্না দেবনাথ লেখেন, “আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।” একই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি লেখেন, “আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি। আর মমতা তাঁর চোদ্দ তলার গদি হারিয়েছেন।” পাশাপাশি তাঁর মন্তব্য, “অপেক্ষা করুন, তিনি (মমতা), তাঁর অপরাধী টিমের আরও করুণ পরিণতি দেখতে পাবেন।” পোস্টে নিজেকে ডা. দেবনাথের গর্বিত মা বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন :: ১ জুন থেকেই ১০০ দিনের কাজ শুরু বাংলায়! কিন্তু বাদ পড়ল এই ২ জেলা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
উল্লেখ্য, সম্প্রতি ফের আলোচনায় উঠে এসেছে আর জি কর মামলা। এই মামলায় অভীক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। তাঁর বিরুদ্ধে থ্রেট কালচার, প্রভাব খাটানো এবং একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভয়া কাণ্ডের সময় সেমিনার রুমেও দেখা গিয়েছিল তাঁকে। সরকার পরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্ভিস কোটায় কীভাবে তিনি এসএসকেএমে স্নাতকোত্তরে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতেই সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রত্না দেবনাথ।



