রাজ্য

বিদ্যুৎ চুরি রুখতে প্রযুক্তিই হাতিয়ার শুভেন্দুর সরকারের, চালু ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ, নিয়োগে নয়া নিয়ম

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিদ্যুৎ চুরি রুখতে প্রযুক্তিই হাতিয়ার শুভেন্দুর সরকারের, চালু ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ, নিয়োগে নয়া নিয়ম - West Bengal News 24

হুকিং এবং বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহারের সমস্যা দীর্ঘদিন ধরেই বাংলায় উদ্বেগের কারণ। এবার প্রযুক্তির সাহায্যে সেই প্রবণতায় লাগাম টানতে উদ্যোগী হলো শুভেন্দু সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ (Bidyut Prahari App) নামে একটি বিশেষ অ্যাপের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। একই অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও প্রায়ই বিদ্যুৎ চুরি এবং হুকিংয়ের অভিযোগ ওঠে। বিভিন্ন সময়ে বিদ্যুৎ দপ্তরের কাছে অভিযোগ জমা পড়লেও সেগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা সমস্যার কতটা সমাধান হয়েছে, সেই বিষয়ে অভিযোগকারীরা স্পষ্ট তথ্য পেতেন না। এই পরিস্থিতির কথা বিবেচনা করেই ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত অনুষ্ঠান থেকে অ্যাপটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “এই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তার সমাধান করা হবে। বিদ্যুৎ দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে আরও একাধিক কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।”

আরও পড়ুন :: ২১ জুলাইয়ের শহিদ পরিবারদের মাসে ১০ হাজার টাকা! বড় ঘোষণা ঋতব্রতর, কোথা থেকে আসবে তহবিল?

এরপরই বিদ্যুৎ চুরি এবং বকেয়া বিল আদায়ের বিষয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যুৎ চুরি জিরো করতে হবে। ফ্যাক্টরিগুলোতে বকেয়া বিলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ে বিদ্যুৎ বিল পেন্ডিং রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মালিকরা নেতা ঘনিষ্ঠ। কিন্তু ওসবে হবে না। বকেয়া বিল আদায় করুন। নোটিস পাঠান। তবে ডোমেস্টিকের ক্ষেত্রে মানবিক হন। পাস্ট রেকর্ড দেখে সিদ্ধান্ত নিতে হবে।”

এদিনের অনুষ্ঠান থেকেই বিদ্যুৎ দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়েও সরব হন শুভেন্দু। নিয়োগে রাজনৈতিক প্রভাবের সুযোগ বন্ধ করে স্বচ্ছ পদ্ধতি চালুর পক্ষে মত দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “নিয়োগের একটা নিয়ম থাকা উচিৎ। একজন মন্ত্রী যদি এসে যদি কাউকে বলে, আমার লোক দেখে নিতে, তাহলে দেখবে না এমন সাধ্য কার! কিন্তু আমি চাই না এভাবে নিয়োগ হোক। পড়াশোনা শেষ করে সকলকে সঠিক পথে চাকরি পেতে হবে।”

এর পরেই বিদ্যুৎ দপ্তরের ভবিষ্যৎ নিয়োগ সংক্রান্ত বড় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, এবার থেকে দপ্তরের নিয়োগ প্রক্রিয়াও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরিচালনা করা হবে। সরকারের দাবি, এর ফলে নিয়োগে স্বচ্ছতা বাড়বে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের সুযোগ পাওয়ার পথ আরও প্রশস্ত হবে।

এখন প্রশ্ন, কীভাবে ব্যবহার করা যাবে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ? অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা প্রথমে প্লে স্টোরে গিয়ে ‘বিদ্যুৎ প্রহরী’ লিখে সার্চ করতে পারবেন। অ্যাপটি খুঁজে পাওয়ার পর সেটি ফোনে ইনস্টল করতে হবে। অ্যাপ খুললেই স্ক্রিনে একাধিক বিকল্প দেখা যাবে। সেখান থেকে সমস্যার ধরন নির্বাচন করে অভিযোগ নথিভুক্ত করা যাবে। একইসঙ্গে জমা দেওয়া অভিযোগের বর্তমান অবস্থাও অ্যাপের মাধ্যমে জানা যাবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের অভিযোগ যিনি জানাবেন, তাঁর নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অ্যাপটির উপর ২৪ ঘণ্টা নজর রাখবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। ফলে অভিযোগ জমা পড়ার পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হবে। তবে শুধু বিদ্যুৎ চুরি নয়, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অন্যান্য সমস্যা, অভিযোগ এবং মতামতও এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন ::

Back to top button