রাজ্য

দেবরাজের ১০০ কোটির সাম্রাজ্য! ৫ বছরে বিপুল সম্পত্তি, ইডি-কে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দেবরাজের ১০০ কোটির সাম্রাজ্য! ৫ বছরে বিপুল সম্পত্তি, ইডি-কে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ - West Bengal News 24

সিন্ডিকেট চক্র পরিচালনা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে তোলাবাজির মাধ্যমে বিপুল সম্পত্তি তৈরির অভিযোগও সামনে এসেছে। তদন্তে দেবরাজের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তির হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর নামে বা পরিচিতদের নামে প্রায় ৩০টি সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। সেই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-কে জানানো হয়েছে।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই গ্রেপ্তারির আশঙ্কায় ছিলেন দেবরাজ এবং তাঁর স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি। তবে অদিতিকে এখনই গ্রেপ্তার করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছিল। দেবরাজ অবশ্য কোনও রক্ষাকবচ পাননি। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর পুরুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন :: রাজ্যে প্রাক্তন বিধায়কদের পেনশন প্রায় দ্বিগুণ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে শুভেন্দুর সরকার

তদন্তকারীদের অভিযোগ, রাজারহাট-সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় দেবরাজের নেতৃত্বে সিন্ডিকেট চক্র সক্রিয় ছিল। এই চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তৃণমূল সরকারের আমলে গত পাঁচ বছরে দেবরাজের সম্পত্তির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে বলেই মনে করছিলেন তদন্তকারীরা।

এবার সেই তদন্তেই দেবরাজের বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন পরিচিত ব্যক্তির নামে প্রায় ৩০টি সম্পত্তি কেনা হয়েছিল। দমদম, নিউটাউন এবং বাগুইআটির পাশাপাশি উত্তরবঙ্গেও তাঁর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ। এই সম্পত্তিগুলির বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন :: বাংলাদেশ থেকে একের পর এক খুনের হুমকি! ভবানীভবনে ঋতব্রত

তোলাবাজির অভিযোগের পাশাপাশি এই বিপুল সম্পত্তির উৎস নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, দেবরাজের স্ত্রী বিধায়ক হওয়ার পর গত পাঁচ বছরে এই সম্পত্তির বড় অংশ তৈরি করা হয়েছে। সম্পত্তিগুলি সংক্রান্ত সমস্ত তথ্য ইডির হাতে তুলে দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, দেবরাজের বিরুদ্ধে তদন্তের অগ্রগতির মধ্যেই গত সপ্তাহে বারাসত আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন ::

Back to top button