রাজ্য

স্বাধীনতা দিবসে রেড রোডে ডিউটি, মোবাইলে চোখ নয়! পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

স্বাধীনতা দিবসে রেড রোডে ডিউটি, মোবাইলে চোখ নয়! পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের - West Bengal News 24

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের এবার মোবাইল ফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল লালবাজার। কর্তব্যরত পুলিশকর্মীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা অনুষ্ঠানের দর্শক নন। দায়িত্ব পালনের সময় মোবাইল ঘাঁটা, ছবি তোলা কিংবা ভিডিও করার মতো কাজে ব্যস্ত থাকা যাবে না। শনিবার স্বাধীনতা দিবসে (Independence Day) রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে একাধিক ভিভিআইপি ও ভিআইপির উপস্থিত থাকার কথা। এরই মধ্যে কলকাতার উপকণ্ঠে পরপর দু’টি ঘটনায় জঙ্গি সংগঠনের সদস্য এবং পাক চর ধরা পড়ায় নিরাপত্তা নিয়ে আরও সতর্ক গোয়েন্দারা।

স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানও জঙ্গিদের নিশানায় থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে গোয়েন্দা মহলে। সেই কারণেই অনুষ্ঠানের আগে কলকাতা পুলিশকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। অতীতের কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, স্বাধীনতা দিবসের ডিউটিতে থাকা কিছু পুলিশকর্মী দায়িত্বের মাঝেই মোবাইল ফোন ব্যবহার করতেন। কেউ কেউ আবার সাধারণ দর্শকদের মতো কুচকাওয়াজের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন।

আরও পড়ুন :: কবে চালু হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’, দিনক্ষণ জানালেন শুভেন্দু অধিকারী

কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীদের একাংশকে সেলফি তুলতেও দেখা গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগেই কড়া পদক্ষেপ করেছে লালবাজার। বৃহস্পতিবার বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ডের ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের মাধ্যমে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের কাছে নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। রেড রোডে দায়িত্ব পালন করার সময় যেন তাঁরা কোনওভাবেই দর্শকদের মতো আচরণ না করেন, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। মোবাইল ফোন ঘাঁটা থেকে শুরু করে ছবি বা ভিডিও তোলার মতো কোনও কাজেই যাতে তাঁরা ব্যস্ত না হয়ে পড়েন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

রেড রোডে মোতায়েন পুলিশকর্মীদের প্রধান দায়িত্ব হল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং গোটা এলাকা জুড়ে সতর্ক নজরদারি চালানো। আশপাশে থাকা মানুষজন এবং বাইরে থেকে অনুষ্ঠানে আসা দর্শকদের গতিবিধির উপরও নজর রাখতে বলা হয়েছে। বিশেষ করে কোনও সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক থাকতে হবে।

এদিকে, রেড রোডে কুচকাওয়াজ শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী পরবর্তী একটি মাল্যদান কর্মসূচিতে যেতে পারেন। অতীতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর অনেক দর্শক রাস্তায় নেমে আসেন। এবার সেই পরিস্থিতি এড়াতে বিশেষ নির্দেশ দিয়েছে লালবাজার। মুখ্যমন্ত্রীর পরবর্তী কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত কোনও দর্শক যাতে রেড রোডে নেমে আসতে না পারেন, তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button