রাজ্য চ্যাম্পিয়ান হুগলির পুড়শুড়ার সাহাপুর গ্রামের নন্দিনী সাঁতরা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর উদ্যোগ ও আয়োজন প্রতিবছরের মতো এ বছরেও ২০ ও ২১ শে ডিসেম্বর সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হলো রাজ্যের ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মাননীয় ডি.আই সাহেব, উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দীলিপবাবু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে- 200 মিটার দৌড়, লং জাম্প ও রিলে দৌড় -এই তিনটি বিভাগেই রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে- হুগলি জেলার পুড়শুড়া থানা এলাকার সাহাপুর গ্রামের নকুল সাঁতরার কন্যা নন্দিনী সাঁতরা। এর সাথে সাথে নন্দিনী লংজাম্পে 4.57 মিটার লং জাম্প দিয়ে রাজ্যের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
নন্দিনী মারকুন্ডা নিম্ন বুনিয়াদী স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় তার প্রবল উৎসাহ চোখে পড়ার মতো ।
নন্দিনীর এক দাদা সৌমেন বাবু জানান- নন্দিনীর এই প্রতিভার জন্য তারা গর্বিত, কিন্তু নন্দিনীর এই প্রতিভার ক্ষেত্রে একমাত্র অন্তরায় বা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের আর্থিক সংকট। নন্দিনীর পিতা নকুল বাবু একজন সামান্য দিনমজুর, তাই তাদের পক্ষে কোনো বড় ভালো কোচিং সেন্টারে নন্দিনীকে প্রশিক্ষণ দেওয়ার মতো সামর্থ্য নেই।
সৌমেন বাবু এও বলেন- নন্দিনীকে আগামী দিনে তারা দেশের অ্যাথলেটিক্সে প্রথম স্থানে দেখতে চান এবং এর জন্য তিনি সহৃদয় ব্যক্তিদের কাছে ও সর্বোপরি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।



