
ওয়েবডেস্ক :কলকাতা, যতটা আসন ঠিক ততটা যাত্রী নিয়ে চালাতে হবে বাস। রাজ্যের গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক করার লক্ষ্যে শুক্রবার এই দাওয়াই বাতলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু শুধুমাত্র আসনের ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে যে বাস চালানো সম্ভব নয় তা স্পষ্ট করে দিয়েছেন জয়েন্ট কাউন্সিল অফ সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে তার দাবি ন্যূনতম বাস ভাড়া ২০ টাকা রাখতে হবে।
শনিবার তপনবাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, তা নিয়ে রবিবার আলোচনায় বসবে বাস মালিকরা।সেখানেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। বাস চললে সে ক্ষেত্রে অপারেশন কস্ট যেমন জ্বালানি, কন্ডাক্টার, চালকের মাইনে কত হবে তার নির্ধারণ প্রশাসনকেই করতে হবে।
বাসে ন্যূনতম ভাড়া ২০ টাকা দাবি প্রাসনের কাছে করা হয়েছে। শুধুমাত্র আসনের ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে বা বাসের আসনে বসা যাত্রী দিয়ে দৈনিক লাভ – ক্ষতির হিসেব করা যায় না।
বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রীর হিসেব নিয়ে এবং বাসটি কটা ট্রিপ দিল তার উপর ভিত্তি করে লাভ – ক্ষতির হিসেব করা হয়। দুঃখ করে তপনবাবু জানিয়েছেন, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শিল্প কোনও ভর্তুকি প্রশাসনের তরফে এখনো দেওয়া হয়নি।
বাস ভাড়া নিয়ে রাজ্য সরকার ও সিন্ডিকেটের মধ্যে চলা টানাপোড়েন সম্পর্কে বলতে গিয়ে বর্ষীয়ান সিআইটিইউ নেতা নেপাল দেব ভট্টাচার্য জানিয়েছেন, এই পরিস্থিতিতে বাস মালিকদের আর্থিক সাহায্য করতে পারে সরকার।
রাষ্ট্রব্যবস্থা কল্যাণকারী হলেও পুরো ব্যাপারটাই মালিকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। সরকার এদেরকে নিয়েই চলতে চায়। তৃতীয় পক্ষের মতামত শুনতে তারা নারাজ। এই পাপ সরকারের।তাদেরকে এর দায় নিতে হবে।
উল্লেখ করা যেতে পারে, এর আগে তপনবাবু জানিয়েছিলেন, ভাড়া বৃদ্ধি ছাড়া বা চালানোর জন্য ভর্তুকি দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। করোনার জন্য দেশের মানুষ যেমন বিধ্বস্ত। বাস মালিকরা আরো বিধ্বস্ত। শুক্রবার মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছিলেন, “বাসে যত আসন তত যাত্রী।
বেশি এক্সট্রা যাত্রী নেওয়া যাবে না কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না।”পাশাপাশি কন্ডাকটরদের গায়ে কোনও ভাবেই হাত তোলা যাবে না বলে স্পষ্ট করেন তিনি।
বলেছিলেন “কন্ডাক্টর এর গায়ে হাত দেওয়া যাবে না। অনেক সময় বাসের কন্টাকটারকে বাধ্য করা হয় আমাকে নিতে হবে বলে। কিন্তু এমন করা যাবে না। তাহলে বাস চলবেই না। হিন্দুস্তান সমাচার
সুত্র: Hindusthan Samachar



