কলকাতা

চিড়িয়াখানায় হোর্ডিং লাগাতে গিয়ে বিপত্তি, আচমকা মৃত্যুর মুখে ২ শ্রমিক

চিড়িয়াখানায় হোর্ডিং লাগাতে গিয়ে বিপত্তি, আচমকা মৃত্যুর মুখে ২ শ্রমিক - West Bengal News 24

অর্ণব আইচ, কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoological Garden) মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে হোর্ডিং লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই জনের। গুরুতর অসুস্থ এক শ্রমিক ভরতি হাসপাতালে।

বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের লকডাউন (Lockdown)। সমস্ত কিছুই বন্ধ। এই পরিস্থিতিতেই এদিন সকালে আলিপুর চিড়িয়াখানায় একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর কাজ চলছিল। কাজ করছিলেন ১৫ থেকে ২০ জন শ্রমিক।

মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা তারিণী ঘোষ, চিংড়িহাটার বাসিন্দা প্রদীপ ভদ্র ও লিটন দাস নামে তিন শ্রমিক হাতির এনক্লোজারের সামনে বোর্ড লাগানোর জন্য লোহার পোল বসাচ্ছিলেন। সেই সময় কোনওভাবে বিদ্যুত্‍স্পৃষ্ট হন এক শ্রমিক। তাঁকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হয় দ্বিতীয় ও তৃতীয় জনের।

[ আরও পড়ুন : মোদিকে ১৮ পাতার চিঠি লিখে আত্মহত্যা তরুণীর! ]

বিষয়টি টের পেয়ে সকলে ছুটে গিয়ে দেখেন ততক্ষণে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। গুরুতর অসুস্থ অপরজনকে তড়িঘড়ি ভরতি করা হয় হাসপাতালে। ঘটনাস্থলে যায় ওয়াটগঞ্জ থানার পুলিশ। লকডাউনের দিন সরকারি জায়গায় কেন কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিড়িয়াখানার কর্মী সংগঠনের এক নেতা।

যদিও এ প্রসঙ্গে মুখ খোলেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখবে ওই কমিটি।’ জানা গিয়েছে, ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য