ঝাড়গ্রামে ‘কমিউনিটি কিচেন’ গরিব মানুষদের খাবার বিলি করলেন বাম-কর্মীরা !

ওয়েবডেস্ক : স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লকডাউন ও আমফানে দুর্গতদের খাওয়ানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন বাম দল ও গণ সংগঠনের কর্মীরা। রবিবার থেকে ঝাড়গ্রাম শহরে শুরু হল কমিউনিটি কিচেন। সিপিআই দলের ঝাড়গ্রাম লোকাল কমিটির উদ্যোগে এবং সিপিআইয়ের ছাত্র (এআইএসএফ) ও শ্রমিক (এআইটিইউসি) সংগঠনের সহযোগিতায় পাঁচদিন ধরে চলবে গরিব মানুষজনের জন্য রান্নাঘর।
সিপিআইয়ের ঝাড়গ্রাম লোকাল কমিটির সম্পাদক অসীম রায় জানালেন, রবিবার ঘোড়াধরা এলাকায় রেক সাইডিং-এ ২৭০ জনকে সামাজিক দূরত্ব বজায় রেখে ভাত, তরকারি ও ডিমের ঝোল বিলি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত এই কমিউনিটি কিচেন থেকে গরিব মানুষজনদের জন্য রান্না করা খাবার বিলি করা হবে।
এদিন রেক সাইডিং এলাকার বস্তিবাসীদের খাবার দেওয়া হয়। অসীমবাবু জানান, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় কমিউনিটি কিচেন-এর মাধ্যমে রান্না করা খাবার বিলি করা হবে। উপযুক্ত ভাবে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করে গ্লাভস, মাস্ক ও হেডক্যাপ ব্যবহার করে আবার রান্না করা হচ্ছে। খাবার বিলি করার সময়েও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে।



