ঝাড়গ্রাম

সবুজ জেলায় লাল রঙা মাস্ক পরে বিমানের বৈঠক

সবুজ জেলায় লাল রঙা মাস্ক পরে বিমানের বৈঠক - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: কয়েক মাস আগে নবান্নের এক বৈঠকে মাস্ক না-পরে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বর্ষীয়ান নেতা বিমান বসু। বৃহস্পতিবার ঝাড়গ্রামে দলের এক বৈঠকে লাল মাস্ক পরে যোগ দিলেন তিনি।

মাস্ক না খুলেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন বিমানবাবু। এদিন বিমানবাবুর মাস্ক পরা নিয়ে সিপিএমের কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের দাবি অনুযায়ী এই জেলা এখন করোনা মুক্ত গ্রিন জোন। কিন্তু বিমানবাবু এদিন আগাগোড়া দলীয় কর্মসূচিতে লাল মাস্ক পরেছিলেন।

[ আরও পড়ুন : গেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে, তাড়া থাকায় পুস্পস্তবক রেখেই ফিরলেন মুখ্যমন্ত্রী ]

যা দেখে দলের কর্মীদের অনেকের মধ্যে কৌতুহল হয়। রাশভারী বিমানবাবুকে অবশ্য মাস্ক নিয়ে প্রশ্ন করার সাহস দেখাননি ঝাড়গ্রামের কমরেডরা। তবে এদিন বিমানবাবুকে মাস্ক পরে থাকতে দেখে কর্মীদের কেউ কেউ নিজেদের মধ্যে গত এপ্রিল মাসের কথা মনে করিয়ে দিচ্ছিলেন।

গত এপ্রিলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন সিপিএমের নেতারা। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ সব নেতাই ওইদিন মাস্ক পরেছিলেন। ব্যতিক্রম ছিলেন বিমানবাবু। তাই দেখে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন— এ কী বিমানদা, আপনার মাস্ক নেই কেন? বিমানবাবু বলার চেষ্টা করেছিলেন, এই বয়সে তাঁর মাস্ক পরে কি হবে।

[ আরও পড়ুন : তিন মাসের মধ্যে সারদা রোজভ্যালি মামলার নিষ্পত্তি করব: দিলীপ ঘোষ ]

মুখ্যমন্ত্রী ওই দিন বিমানবাবুকে জানিয়েছিলেন, বয়স হয়েছে বলেই তাঁর মাস্ক পরা এবং সতর্কতা আরও জরুরি! তারপর থেকে বিমানবাবু মাস্ক পরছেন। এদিন ঝাড়গ্রামেও দলীয় পতাকার রঙের মাস্ক পরে তিনি জেলা কমিটির বৈঠকে দলীয় সংগঠন মজবুত করার নির্দেশ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রের নয়া শিক্ষা নীতির কড়া সমালোচনা করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে গভীর শোকপ্রকাশও করেন।

আরও পড়ুন ::

Back to top button