আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি বিকেল ৫ টায়

করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কমেছে। দৈনিক সংক্রমণ প্রায় ১ লক্ষের ঘরে চলে এসেছে। এই পরিস্থিতিতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, সোমবার বিকেল ৫ টায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন মোদি। তবে, ঠিক কী নিয়ে বার্তা দিতে পারেন তিনি, সেটা স্পষ্ট নয়।
করোনার প্রথম ধাক্কার সময় নিয়মিত জাতির উদ্দেশে ভাষণ দিতেন মোদি। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মোদির এই সচেতনতার প্রচারের সুনাম করা হয়েছিল।
তবে, প্রথম ধাক্কার তুলনায় দ্বিতীয় ধাক্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসমক্ষে অনেক কম এসেছেন। ভারত এই মহামারীর দ্বিতীয় ধাক্কার কবলে পড়ার পর মাত্র একবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মোদি। তাও দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন বা বিধিনিষেধ চালুর আগে।
তারপর থেকে যা বার্তা দেওয়ার বিভিন্ন অনুষ্ঠানে বা মন কি বাত অনুষ্ঠানেই দিয়েছেন মোদি। আর সেকারণেই সোমবার প্রধানমন্ত্রী কী বলেন, তা জানতে আগ্রহী দেশ। এটা ঘটনা করোনার দ্বিতীয় ধাক্কায় একটা সময় দৈনিক চার লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলেন।
লাগাতার সচেতনতার প্রচার এবং কড়া বিধিনিষেধের জেরে দৈনিক আক্রান্তের সংখ্যাটা এখন নেমেছে এক লক্ষের আশেপাশে। কিন্তু এটকু ঢিলে ভাব দেখালেই মুশকিল। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত সেকারণেই নতুন করে দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দেবেন।
সূত্র : আজকাল



