ঝাড়গ্রাম

অধ্যাপকের উদ্যোগে মন ভাল রাখতে অনলাইনে কুইজ প্রতিযোগিতা

স্বপ্নীল মজুমদার

অধ্যাপকের উদ্যোগে মন ভাল রাখতে অনলাইনে কুইজ প্রতিযোগিতা - West Bengal News 24

ঝাড়গ্রাম: করোনা আবহে মন ভাল রাখার নতুন দাওয়াই কুইজে গ্রামচর্চা। নিজের এলাকার ইতিহাস, ভূগোল, সংস্কৃতিকে চেনা, অন্যের সংস্কৃতিকে জানা। ইউটিউবে প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে ঘরবন্দি পড়ুয়াদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ তৈরির উদ্দেশ্যে এমনই উদ্যোগ নিয়েছেন মালদহের গৌড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তথা বাংলা সাহিত্যের গবেষক ক্ষিতীশ মাহাতো।

আদতে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা ক্ষিতীশবাবু জানাচ্ছেন, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ। সাধ্যমতো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে ভার্চুয়াল ক্লাস হচ্ছে। কিন্তু পড়াশোনার বাইরে খেলাধুলো, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই এখন বন্ধ। তাই পড়ুয়াদের মনের খোরাক জোগাতে কুইজকেই বেছে নিয়েছেন তিনি।

ক্ষিতীশ অবশ্য গতানুগতিক পড়াশোনার বাইরে নতুন ভাবে পড়ুয়াদের আগ্রহ তৈরির জন্য এলাকা ভিত্তিক ইতিহাস, ভূগোল, সংস্কৃতি এবং উপস্থিত বুদ্ধির নিরিখে এক অনির্দিষ্টকালীন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন। গত ২০ জুন ইউটিউবে অনলাইনে ওই প্রতিযোগিতাটি শুরু হয়েছে।

প্রতিযোগিতা চলবে আগামী কয়েক মাস ধরে। সারা রাজ্যের পড়ুয়ারা ওই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। ক্ষিতীশ বলছেন, ‘‘যেহেতু আমি ঝাড়গ্রামের আদি বাসিন্দা, তাই জঙ্গলমহলের পড়ুয়াদেরও প্রতিযোগিতায় বিশেষ ভাবে যোগ দেওয়ার জন্য সামাজিক মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছি।

ভাল সাড়াও মিলেছে। পুরস্কার হিসেবে বিজয়ীদের শংসাপত্র, দামি বই, গ্রামচর্চা বিষয়ক পত্রিকা ডাক অথবা কুরিয়র যোগে পাঠানো হচ্ছে।’’ ক্ষিতীশবাবুর দাবি, এমন কুইজের ফলে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ুয়ারাও লাভবান হবেন। এজন্য কোনও প্রবেশ মূল্য নেই। সম্পূর্ণ নিখরচায় প্রতিযোগিতায় যোগ দেওয়া যাবে।

ক্ষিতীশবাবুর কথায়, ‘‘সারা রাজ্যের পড়ুয়ারা একে অপরের এলাকা ও সংস্কৃতিকে জানুক, চিনুক। এতে জ্ঞানচর্চার পাশাপাশি মনের প্রসারও ঘটার সুযোগ রয়েছে।’’

আরও পড়ুন ::

Back to top button