ঝাড়গ্রাম
দিশা কমিটির দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিসনদ দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা
স্বপ্নীল মজুমদার

রাজ্যের প্রতিটি জেলাস্তরে দিশা কমিটি গঠনের জন্য ঝাড়গ্রাম জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ জমা দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা।
মঙ্গলবার মোর্চার সভাপতি অশোক মাহাতো জেলাশাসকের দফতরে দাবি সনদ জমা দেওয়ার পর বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি জেলাস্তরে রূপায়ণের ক্ষেত্রে সমন্বয়সাধনের ভূমিকায় থাকে দিশা কমিটি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ওই কমিটি রাজ্যের কোনও জেলায় নেই।
রাজ্যস্তরে দিশা কমিটির চেয়ারপার্সন হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। জেলা স্তরে বরিষ্ঠ সাংসদ ওই কমিটির চেয়ারম্যান হয়।
অশোকের দাবি, এ রাজ্যে দিশা কমিটি না থাকার কারণে সরকারি প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায়। তার ফলে বঞ্চিত হন উপভোক্তা হওয়ার যোগ্য দরিদ্র মানুষজন।



