
খাবারের সন্ধানে গ্রামে ঢুকে একটি দলছুট হাতির হানায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে আহত হন বছর বিরাশির কমলা মাহাতো।
বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের চাঁদাবিলা গ্রামে এই ঘটনা ঘটে। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় কমলা মাহাতো মাটির বাড়ির দেওয়ালের পাশে খাটিয়ায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ হাতিটি বাড়ির দেওয়াল ভেঙে খাবারের খোঁজ করতে শুরু করলে সেই দেওয়াল ভেঙে পড়ে তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে।
চিৎকার শুনে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা ছুটে এসে হাতিটিকে তাড়া করলে তা পাশের জঙ্গলে চলে যায়। আহত অবস্থায় কমলা মাহাতোকে উদ্ধার করে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বন দফতর জানিয়েছে, ওই বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।



