করোনা আক্রান্ত হলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিম

করোনা আক্রান্ত হলেন ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। কারাগারে বন্দি দশায় করোনায় আক্রান্ত হন তিনি। রিপোর্ট আসার পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তিনি করোনা পরীক্ষা করানোর জন্য রাজি ছিলেন না। তার রিপোর্ট পজিটিভ আসার পর অন্য বন্দিদেরও করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে জেল কর্তৃপক্ষ।
ধর্ষণ ও খুনের মামলায় হরিয়ানার রোহতকের সুনারিয়া কারাগারে বন্দি ছিলেন স্বঘোষিত গডম্যান। তার করোনার উপসর্গ দেখা দেওয়ায় পুলিশের এক বিশাল বাহিনী তাকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। যদিও প্রথমে করোনা পরীক্ষা করাতে রাজি ছিলেন না রাম রহিম।
বেশ কিছুদিন আগে পেটে ব্যথার জন্য রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে তার পরীক্ষা করিয়েছিলেন রাম রহিম। যদিও সেই সময় তার রিপোর্টে কিছুই ধরা পড়েনি। তবে এবার তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।
চিকিত্সকদের অনুমান, কারাগারে থাকাকালীনই করোনায় আক্রান্ত হয়েছেন বিতর্কিত ‘গডম্যান’। রাম রহিমের করোনায় আক্রান্ত হওয়ার পরে তার সঙ্গেই কারাগারে থাকা অন্য বন্দিদেরও করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মাসেও অসুস্থ হয়ে পড়েছিলেন রাম রহিম। সেই সময় তার রক্তচাপের সমস্যা দেখা গিয়েছিল। এক রাত হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল তাকে।
প্রসঙ্গত, হরিয়ানার দুই শিষ্যাকে ধর্ষণ ও এক সাংবাদিককে খুনের দায়ে রাম রহিম রোহতকের একটি জেলে বন্দি ছিলেন। এক বিশেষ সিবিআই আদালতে সাজা ঘোষণা হয় তার। বিতর্কিত ‘গডম্যান’ ও আরও তিনজনকে ১৬ বছর আগে এক সাংবাদিক হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে আদালত। এরপর থেকেই সেই সাজা পাচ্ছেন গুরমিত রাম রহিম সিং।
সূত্র : এই মুহুর্তে



